
এক শূন্যতার মাঝে বসবাস করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক রাশেদ। রাশেদ স্যারের স্ত্রী ও মেয়ে তাকে ছেড়ে চলে গেছে দেশের বাইরে। ক্লাশ নিয়ে, ছবি এঁকে এখন তার দিন কাটে। একাকী শূন্যতার মাঝেই সে বাস করেন। অর্পা চারুকলা বিভাগের শিক্ষার্থী। রাশেদ স্যারের এই শূন্যতার জীবনের মাঝে অর্পা রংধনু হয়ে আসে।
অর্পা রাশেদ স্যারের পেইন্টিংয়ের ভক্ত হয়ে যায়। একটা সময় জানা যায় অর্পাও রাশেদ স্যারের মতো শূন্যতায় বাস করছে। আরও জানা যায় অর্পার মা ইশিতার সঙ্গে রাশেদ স্যারের ভালোবাসার সম্পর্ক ছিল। গল্পটি এভাবেই এগিয়ে যায়। রাশেদ স্যারের চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত হোসেন। আর অর্পা চরিত্রে অভিনয় করেছেন উর্মিলা শ্রাবন্তী কর।
এই প্রথম গাজী রাকায়েত ও উর্মিলা একই সঙ্গে কাজ করলেন। নাটক- ‘শূন্যতায় বসবাস’, রচনা করেছেন নুরুল আলম তৌফিক। পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ। প্রযোজনা করেছেন সুমন আব্বাস। প্রযোজনা সংস্হা দুরন্ত টেলিফিল্ম। নাটকটি খুব শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।




