
শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সংগীতশিল্পী সাইফ শুভর নতুন গান ‘প্রেম বিরহ’। নতুন গান প্রসঙ্গে শুভ জানান, ‘শিল্পী হিসেবে উৎসবকে রাঙাতে দর্শক-শ্রোতাদের গান ছাড়া দেওয়ার মতো বড় কোনো উপহার আমার কাছে নেই। তাই এটি আমার দর্শক-শ্রোতাদের জন্য শারদীয় শুভেচ্ছাস্বরূপ উপহার বলতে পারেন।
প্রতিবছরই পূজাসহ সব উৎসবে অনেকেই নতুন গান প্রকাশ করে থাকেন। তবে আমি মনে করি, শুধু একটি দিনকে মাথায় রেখে গান করলে সেটির রেশ এক দিন বা এক সপ্তাহই থাকে, এরপর আর থাকে না। তাই উৎসব উপলক্ষে এমন গানের ভিডিও প্রকাশ করছি, যার আবেদন থাকবে সারা বছরই।’
‘প্রেম বিরহ’ গানটি একটি প্রেম বিচ্ছেদ পর্যায়ের মডার্ন ফোক গান। গানটির কথা লিখেছেন গীতিকবি নবীন আহমেদ, সুর এবং সংগীত আয়োজন করেছেন রাজন সাহা। গানটির ভিডিও নির্দেশনা দিয়েছেন শুভ নিজেই।
গানটির মিউজিক ভিডিও নিয়ে শুভ আরও বলেন, ‘গানটির মিউজিক ভিডিও একটি সত্য প্রেম-বিচ্ছেদ গল্প অবলম্বনে নির্মাণ করা হয়েছে। গানটিতে অভিনয় শিল্পী হিসেবে কাজ করেছেন মৌমিতা ও ভিরাট শান্ত।’
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে (মঙ্গলবার) ৪ অক্টোবর ‘প্রেম বিরহ’ গানটি বাংলাদেশের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান স্টুডিও জয়া’র সকল ডিজিটাল প্লাটফর্মে অবমুক্ত করা হয়েছে।




