
নাটক ও সিনেমায় অনবদ্য অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি পেয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তার আজ জন্মদিন। কততম? বয়স প্রকাশে ক্ষেত্রে শোবিজ তারকাদের মধ্যে সংকোচ থাকলেও তিনি এ ব্যাপারে রীতিমত খোলাখুলি। এ কথা তিনি নিজেই জানিয়ে আসছেন বছরের পর বছর। এবারও জানালেন। তার বয়স ৩৯ বছর। ২৭ অক্টোবর দিবাগত রাত ১২টার পর তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে জন্মদিন উপলক্ষে একটি পোস্ট দিয়েছেন।
পোস্টে তিনি লিখেছেন, এটা আমার জন্মদিন!!!! আমার জন্ম ১৯৮৩ সালের ২৮ অক্টোবর ঢাকায়। যদিও আমি প্রায় ৩৯ বছর ধরে পৃথিবীতে আছি। আমার জীবন সত্যিই শুরু হয়েছিল ২০১৭ সালে যখন আমি সমাজ এবং আমার পরিবার দ্বারা সংজ্ঞায়িত “আদর্শ নারী” হিসাবে আমার পরিচয় হারিয়েছিলাম! তারপর ৫ বছর চলে গেছে। এখন আমি জানি, আমি কি চাই। আসলে আমার শান্তিপ্রিয় জীবন ছাড়া আর কিছুই চাওয়ার নেই।

পোস্টে বাধন লিখেন, আমি বিশ্বাস করি, এই নিষ্ঠুর পৃথিবীতে, সবচেয়ে কঠিন জিনিসটি হল ‘শান্তি’, বিশেষ করে যখন আমাদের চারপাশের মানুষ ও সমাজ ব্যবস্থা আমাদের তথাকথিত সংস্কৃতি দ্বারা এতটা কলুষিত এবং দূষিত। অনুপযুক্ততা, লোভ, বিভ্রান্তি, হতাশা এবং কখনও কখনও নিষ্ঠুরতা যা আমরা গ্রহণ করি এবং অফার করি। যাই হোক, নিশ্চিতভাবেই আমি এখন অনেক বেশি খুশি। প্রতিদিন নতুন চ্যালেঞ্জ গ্রহণের বিষয়টি আমি উপভোগ করি।
পোস্টে তিনি সবার উদ্দেশ বলেন, আমাকে ভুল বুঝবেন না, আমি খুব ভালো করেই জানি যে জীবন গোলাপের শয্যা নয়- যতটা সত্য, আমাদের এটিকে বাঁচিয়ে রাখতে হবে এবং আরও ভালোর জন্য নিজেদের তৈরি করতে হবে।
পোস্টের শেষ দিকে তিনি লিখেছেন, পুনশ্চ. আমার মায়ের ডেঙ্গু জ্বর হয়েছে। আমি তার স্বাস্থ্য এবং সুস্থতা সম্পর্কে খুব উদ্বিগ্ন। তিনি আমার পাওয়ার হাউস এবং যখন তিনি অসুস্থ হয়ে পড়েন সবকিছুই আমার কাছে আরও চ্যালেঞ্জিং বলে মনে হয়। দোয়া করুন তার জন্য।

উল্লেখ্য, আজমেরী হক বাঁধন অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ (২০২১) চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং তার অভিনয় সমাদৃত হয়। এর বাইরে ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সের জন্য নির্মিত মুম্বাইয়ের নামী পরিচালক বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ সিনেমায় অভিনয় করে সিনেমা বোদ্ধাদের মন কেড়ে নেন। এছাড়াও বর্তমানে তিনি বিভিন্ন ওয়েব সিরিজ ও বড় পর্দার সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন।




