
চিরসবুজ খ্যাত অভিনেতা আফজাল হোসেন। নাট্যদল ‘ঢাকা থিয়েটার’-এর সদস্য তিনি। সবশেষ তার দলের হয়ে মঞ্চে নাসির উদ্দীন ইউসুফ নির্দেশিত ‘কেরামত মঙ্গল’ নাটকে অভিনয় করেছিলেন এ অভিনেতা। তাও প্রায় দুই যুগ আগের কথা। সম্প্রতি এই অভিনেতা সতর্ক করলেন সবাইকে।
তার কারণ সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা ফেসবুক আইডি প্রায় দেড় মাস আগে হ্যাক হয়েছে। কিন্তু এখনও আইডিটি উদ্ধার করতে পারেননি তিনি।
বিষয়টি গণমাধ্যমকে জানিয়ে এ অভিনেতা বলেন, আমি ফেসবুকে মোটামুটি অ্যাক্টিভ ছিলাম বলা যায়। কিন্তু প্রায় দেড় মাস হলো নিজে কোনো পোস্ট করতে পারছি না। আইডিটি নিজের আয়ত্তে আনতে পারিনি। দুঃখজনক হলেও সত্যি যে, ফেসবুক আইডিটি প্রায় দেড় মাস ধরে আমার কন্ট্রোলে নেই। কারা কখন আমার আইডিটি হ্যাক করেছে, আমার নিজেরও জানা নেই। বেশ কিছুদিন ধরে আমি ফেসবুকে লিখতে পারছি না। তখন টের পেলাম এটা আর আমার নিজের কন্ট্রোলে নেই। দয়া করে কেউ ভুল বুঝবেন না।
তিনি আরও বলেন, আপাতত আমার ফেসবুক আইডির সঙ্গে কেউ কোনো ধরনের যোগাযোগ রাখবেন না। কারণ, যারা হ্যাক করেছে; তারা নিশ্চয়ই অসৎ উদ্দেশ্য নিয়ে করেছে। সে রকম কোনো মেসেজ কারও কাছে গেলে সেটাও কোনো উত্তর না দেওয়ার জন্য অনুরোধ করছি। আইডি ফেরত পেলে আমিই সবাইকে জানাব।
প্রসঙ্গত, সম্প্রতি ‘মানিকের লাল কাঁকড়া’ নামে একটি সিনেমার কাজ শেষ করেছেন আফজাল হোসেন। একটি ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশ হয়েছে তার অভিনীত অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘বোধ’ নামে একটি ওয়েব সিরিজ। যা এখন অনলাইনে বেশ প্রশংসিত হচ্ছে।




