
চলতি মাসের শুরুর দিন (১ নভেম্বর) ব্রেন স্ট্রোক করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কলকাতার ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। মাঝে তার অবস্থার কিছুটা উন্নতি হলেও ফের অবনতি হতে শুরু করেছে। তার শরীরে সংক্রমণ বেড়েছে, যা চিন্তায় ফেলেছে চিকিৎসকদের।
তাদের মতে, এই অবস্থায় ১০০ ডিগ্রি জ্বরও উদ্বেগের। এজন্য তার ওষুধের তালিকায় পরিবর্তন আনা হয়েছে।
মেয়ের সুস্থতা কামনায় সোশ্যাল মিডিয়ায় সবার কাছে দোয়া চেয়েছেন মা শিখা শর্মা। তিনি লিখেছেন, ‘ঐন্দ্রিলার দ্রুত সুস্থতার জন্য যে যার দেবতা, আল্লাহর কাছে দোয়া করুন। আমার মতো মায়ের কাতর আবেদন রইলো।’

মায়ের সঙ্গে ঐন্দ্রিলা
প্রসঙ্গত, সাত বছর আগে শিরদাঁড়ার ক্যানসারে আক্রান্ত হন ঐন্দ্রিলা। সে যাত্রায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। এরপর ফুসফুস ক্যানসারে আক্রান্ত হন। তবে লড়াই ছাড়তে নারাজ ঐন্দ্রিলা। দুই দুইবার জয় করেন ক্যানসার। ফিরেছিলেন কাজে। কিন্তু বিধি বাম। স্ট্রোক করে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এই অভিনেত্রী।
জীবনের প্রতিটি সঙ্কটময় মুহূর্তে প্রেমিক সব্যসাচী চৌধুরীকে ছায়ার মতো পাশে পেয়েছেন ঐন্দ্রিলা। এবারও প্রেমিকাকে ছেড়ে যাওয়ার পাত্র নন তিনি। প্রিয় মানুষটির সুস্থ হওয়ার প্রতীক্ষায় প্রহর গুনছেন।




