
এ মুহূর্তে ফুটবল জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। কাতার বিশ্বকাপ মাঠে গড়িয়েছে রোববার (২০ নভেম্বর) রাত ৮টায়। চলবে (১৮ ডিসেম্বর) পর্যন্ত। শুধু কাতার নয় জাতিসংঘের সদস্য ভুক্ত ১৯৩টি দেশে চলছে বিশ্বকাপ উন্মাদনা।
পিছিয়ে নেই বাংলাদেশিরাও। ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের পতাকা আর জার্সিতে নিজেদের রাঙিয়ে তোলেন এ দেশের সমর্থকরা। অনেক আগে থেকেই অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও নানা উন্মাদনা বেশি থাকে এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে।
এখন চলছে প্রিয় দলের জার্সি, পতাকা কেনার হিড়িক। বাংলাদেশে অবশ্য ফুটবলপ্রেমীদের ৮০ শতাংশই আর্জেন্টিনা, ব্রাজিল, মেসি আর নেইমারকে নিয়ে ব্যস্ত। অন্যান্য দলের ভক্তদের খুব বেশি একটা দেখা মেলে না।
বিশ্বকাপকে কেন্দ্র করে ইতোমধ্যেই বাংলাদেশি তারকাদের মধ্যেও রয়েছে বেশ উত্তেজনা। আর তাইতো ঢাকাই ইন্ডাস্ট্রির জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী ও চিত্রনায়ক জায়েদ খান জানালেন তাদের পছন্দের দল ও ফুটবল খেলা নিয়ে ভাবনার কথা।
মৌসুমী : বলতে গেলে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আমার অনেক আগ্রহ, বিশেষ করে ফুটবল আমার অনেক প্রিয় একটি খেলা। প্রতি চার বছর পর বিশ্বকাপ ফুটবলের আসর বসে। এ মহা আয়োজনের জন্য প্রতীক্ষায় থাকি। আমরা পরিবারের সবাই মিলে খুব মজা করে খেলা দেখি। আমি ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থন করে আসছি। কষ্ট হলেও ব্রাজিলের খেলা মিস করি না। আমি চাই এবারও ব্রাজিল বিশ্বকাপ বিজয়ী হোক। আর এমনটাই ঘটবে বলে আমি আশা করি।
জায়েদ খান : মেসির হাতেই এবারের বিশ্বকাপ দেখতে চাই আমি। আর্জেন্টিনার জন্য শুভকামনা। ছোটবেলা থেকেই ম্যারাডোনার কারণে এই দলের প্রতি ভালোবাসা। এই দলের জার্সি ছাড়া কোনো দলের জার্সি কখনও গায়েও দিইনি। এবারের বিশ্বকাপে সুন্দর খেলা উপহার দেবে, এটাই প্রত্যাশা।
প্রসঙ্গত, এর বাইরে আরও অনেক তারকাই আছেন, ফুটবল বিশ্বকাপ নিয়ে যাদের উন্মাদনার শেষ নেই। খেলা শুরুর পর থেকেই তাদের পছন্দের দলের কথা সামাজিকমাধ্যমে শেয়ার করছেন। ফুটবল বিশ্বকাপ চলাকালে এক এক করে নিজেদের ভালো লাগার কথা জানাবেন আরও অনেক তারকা।




