
এই মুহূর্তে ফুটবল জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। কাতার বিশ্বকাপ মাঠে গড়িয়েছে রোববার (২০ নভেম্বর) রাত ৮টায়। চলবে (১৮ ডিসেম্বর) পর্যন্ত। শুধু কাতার নয়, জাতিসংঘের সদস্য ভুক্ত ১৯৩টি দেশে চলছে বিশ্বকাপ উন্মাদনা।
পিছিয়ে নেই বাংলাদেশিরাও। ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের পতাকা আর জার্সিতে নিজেদের রাঙিয়ে তোলেন এ দেশের সমর্থকরা। অনেক আগে থেকেই অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও নানা উন্মাদনা বেশি থাকে এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে।
এখন চলছে প্রিয় দলের জার্সি, পতাকা কেনার হিড়িক। বাংলাদেশে অবশ্য ফুটবলপ্রেমীদের ৮০ শতাংশই আর্জেন্টিনা, ব্রাজিল, মেসি আর নেইমারকে নিয়ে ব্যস্ত। অন্যান্য দলের ভক্তদের খুব বেশি একটা দেখা মেলে না।
বিশ্বকাপকে কেন্দ্র করে ইতোমধ্যেই বাংলাদেশি তারকাদের মধ্যেও রয়েছে বেশ উত্তেজনা। আর তাইতো ঢাকাই ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও অভিনেতা চঞ্চল চৌধুরী জানালেন তাদের পছন্দের দল ও ফুটবল খেলা নিয়ে ভাবনার কথা।
জয়া আহসান : বরাবরই ব্রাজিল সমর্থন করি আমি। তাদের সবার খেলাই আমার ভালো লাগে। ব্রাজিলের খেলা যে সময়ই হোক কষ্ট করে হলেও দেখার চেষ্টা করি। এবারও তার ব্যত্যয় হবে না। আমি চাই প্রিয় দল ব্রাজিল এবার বিশ্বকে তাক লাগিয়ে বিশ্বকাপ বিজয়ী হোক।
চঞ্চল চৌধুরী : আমার পছন্দের ফুটবল দল আর্জেন্টিনা । প্রতিবারই বিশ্বকাপের সব খেলা দেখার চেষ্টা করি। এবারও এর ব্যতিক্রম হবে না বলে আশা আছে। আমার সব থেকে পছন্দের খেলোয়াড় লিওনেল মেসি। পাশাপাশি নেইমার জুনিয়র, ক্রিশ্চিয়ানো রোনালদোকেও ভালো লাগে। মূলত সব টিমের জন্য শুভকামনা। তবে আশা করি এবার আর্জেন্টিনা চমকে দেবে ফুটবল বিশ্বকে। কারণ, দিনশেষে আমি চাইব আর্জেন্টিনাই বিশ্বকাপ জিতুক।
প্রসঙ্গত, এর বাইরে আরও অনেক তারকা আছেন, যারা ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনায় মেতে উঠেছেন। খেলা শুরুর পর থেকেই তাদের পছন্দের দলের কথা সামাজিকমাধ্যমে শেয়ারও করছেন। তারাও ফুটবল বিশ্বকাপ চলাকালে এক এক করে নিজেদের ভালো লাগার কথাগুলো জানাবেন।




