
এই মুহূর্তে ফুটবল জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। কাতার বিশ্বকাপ মাঠে গড়িয়েছে রোববার (২০ নভেম্বর) রাত ৮টায়। চলবে (১৮ ডিসেম্বর) পর্যন্ত। শুধু কাতার নয়, জাতিসংঘের সদস্য ভুক্ত ১৯৩টি দেশে চলছে বিশ্বকাপ উন্মাদনা।
পিছিয়ে নেই বাংলাদেশিরাও। ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের পতাকা আর জার্সিতে নিজেদের রাঙিয়ে তোলেন এ দেশের সমর্থকরা। অনেক আগে থেকেই অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও নানা উন্মাদনা বেশি থাকে এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে।
এখন চলছে প্রিয় দলের জার্সি, পতাকা কেনার হিড়িক। বাংলাদেশে অবশ্য ফুটবলপ্রেমীদের ৮০ শতাংশই আর্জেন্টিনা, ব্রাজিল, মেসি আর নেইমারকে নিয়ে ব্যস্ত। অন্যান্য দলের ভক্তদের খুব বেশি একটা দেখা মেলে না।
বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশি তারকাদের মধ্যেও রয়েছে বেশ উত্তেজনা। এদিকে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ইতোমধ্যে অভিনয়ের পাশাপাশি নাট্যকার হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। এমনকি প্রযোজক হিসেবেও নাম লিখিয়েছেন তিনি। বর্তমানে ব্যস্ত অভিনয় নিয়ে।
তবুও অপূর্বও মেতেছেন বিশ্বকাপের এই আনন্দে। তার পছন্দের দল ব্রাজিল।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে লুসাইল স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের ম্যাচে সার্বিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে ব্রাজিল।
এই ম্যাচ শুরুর আগে অপূর্ব ছেলে জায়ান ফারুক আয়াশ ও তিনি ব্রাজিলের জার্সি পরে সামাজিকমাধ্যমে ছবি শেয়ার করেন। এর ক্যাপশনে এই অভিনেতা লেখেন, ‘মিশন হেক্সা’। সঙ্গে জুরে দেন ব্রাজিলের পতাকার ইমোজি।
আর সার্বিয়ার বিপরীতে প্রিয় দলের দুর্দান্ত জয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসের শেষ ছিল না অপূর্বর। তার জানানও দিয়েছেন আরেক পোস্টের মাধ্যমে। ব্রাজিলের রির্চার্লিশনের ৭৩তম মিনিটে বাইসাইকেল কিকের ছবি শেয়ার করেন তিনি।

টটেনহ্যাম স্ট্রাইকার রিচার্লিসনের ছবি ছাড়াও ব্রাজিলের জয়োৎসবের ছবি পোস্ট করেন অপূর্ব। ক্যাপশনে লেখেন, ‘সাম্বা শৈলী দেখাল ব্রাজিল’।
প্রসঙ্গত, এর বাইরে আরও অনেক তারকা আছেন, যারা ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনায় মেতে উঠেছেন। খেলা শুরুর পর থেকেই তাদের পছন্দের দলের কথা সামাজিকমাধ্যমে শেয়ারও করছেন। তারাও ফুটবল বিশ্বকাপ চলাকালে এক এক করে নিজেদের ভালো লাগার কথাগুলো জানাবেন।




