
এই মুহূর্তে ফুটবল জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। কাতার বিশ্বকাপ মাঠে গড়িয়েছে রোববার (২০ নভেম্বর) রাত ৮টায়। চলবে (১৮ ডিসেম্বর) পর্যন্ত। শুধু কাতার নয়, জাতিসংঘের সদস্য ভুক্ত ১৯৩টি দেশে চলছে বিশ্বকাপ উন্মাদনা।
পিছিয়ে নেই বাংলাদেশিরাও। ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের পতাকা আর জার্সিতে নিজেদের রাঙিয়ে তোলেন এ দেশের সমর্থকরা। অনেক আগে থেকেই অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও নানা উন্মাদনা বেশি থাকে এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে।
এখনও চলছে প্রিয় দলের জার্সি, পতাকা কেনার হিড়িক। বাংলাদেশে অবশ্য ফুটবলপ্রেমীদের ৮০ শতাংশই আর্জেন্টিনা, ব্রাজিল, মেসি আর নেইমারকে নিয়ে ব্যস্ত। অন্যান্য দলের ভক্তদের খুব বেশি একটা দেখা মেলে না।
বিশ্বকাপকে কেন্দ্র করে ইতোমধ্যেই বাংলাদেশি তারকাদের মধ্যেও রয়েছে বেশ উত্তেজনা। আর তাইতো ঢাকাই ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা ও চিত্রনায়ক নিরব জানালেন তাদের পছন্দের দল ও ফুটবল খেলা নিয়ে ভাবনার কথা।
মোনালিসা : ব্রাজিলের খেলার মধ্যে ছন্দ আছে, যা অন্য দলের নেই। কোনো দলকে ছোটো করছি না। কিন্তু, ব্রাজিল অনেক ভালো টিম নিয়ে খেলতে আসছে। ছোটবেলা থেকেই ব্রাজিলের ভক্ত আমি। হলুদ জার্সি ও এই দলের খেলা আমাকে বেশি টানে। এ ছাড়া ছোটবেলায় বইয়ের পাতায় ফুটবলের জাদুকর পেলের নাম শুনেও দলটির প্রতি আলাদা ভালোবাসা তৈরি হয়েছে। ব্রাজিল কাপ নিয়েই ঘরে ফিরবে বলে আমার বিশ্বাস।
নিরব : সবসময়ই আর্জেন্টিনার সমর্থক বা ভক্ত আমি। কারণ, দলটির খেলার মধ্যে ভিন্ন কিছু রয়েছে, যা আমাকে বরাবরই মুগ্ধ করে। মেসি তো দুর্দান্ত খেলে। সব মিলিয়েই আমার কাছে আর্জেন্টিনার খেলা ভালো লাগে। সর্বাধিক বিশ্বকাপ জেতা দেখে দল সমর্থন করি না। খেলার নৈপুণ্য দেখে সমর্থন করি। যারা সুন্দর ও ছন্দময় ফুটবল খেলা পছন্দ করেন, তারা আর্জেন্টিনার খেলাও পছন্দ করবেন। মেসির জন্য শুভকামনা।
প্রসঙ্গত, এর বাইরে আরও অনেক তারকা আছেন, যারা ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনায় মেতে উঠেছেন। খেলা শুরুর পর থেকেই তাদের পছন্দের দলের কথা সামাজিকমাধ্যমে শেয়ারও করছেন। তারাও ফুটবল বিশ্বকাপ চলাকালে হয়তো নিজেদের ভালো লাগার কথাগুলো জানাবেন।




