
এই মুহূর্তে ফুটবল জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। কাতার বিশ্বকাপ মাঠে গড়িয়েছে রোববার (২০ নভেম্বর) রাত ৮টায়। চলবে (১৮ ডিসেম্বর) পর্যন্ত। শুধু কাতার নয়, জাতিসংঘের সদস্য ভুক্ত ১৯৩টি দেশে চলছে বিশ্বকাপ উন্মাদনা।
পিছিয়ে নেই বাংলাদেশিরাও। ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের পতাকা আর জার্সিতে নিজেদের রাঙিয়ে তোলেন এ দেশের সমর্থকরা। অনেক আগে থেকেই অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও নানা উন্মাদনা বেশি থাকে এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে।
এখন চলছে প্রিয় দলের জার্সি, পতাকা কেনার হিড়িক। বাংলাদেশে অবশ্য ফুটবলপ্রেমীদের ৮০ শতাংশই আর্জেন্টিনা, ব্রাজিল, মেসি আর নেইমারকে নিয়ে ব্যস্ত। অন্যান্য দলের ভক্তদের খুব বেশি একটা দেখা মেলে না।
বিশ্বকাপকে কেন্দ্র করে ইতোমধ্যেই বাংলাদেশি তারকাদের মধ্যেও রয়েছে বেশ উত্তেজনা। আর তাইতো ঢাকাই ইন্ডাস্ট্রির জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি ও অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব জানালেন তাদের পছন্দের দল ও ফুটবল খেলা নিয়ে ভাবনার কথা।
জিয়াউল ফারুক অপূর্ব : বিশ্বকাপ ফুটবল খেলার সময় আমার কাজের সূচি পরিবর্তন করে রাখি। আমার ছেলেও ফুটবল খেলা দেখতে খুব মুখিয়ে থাকে। আমি সাধারণত বন্ধুবান্ধবসহ খেলা দেখতে পছন্দ করি। আর ফুসলিয়ে বিপক্ষ দলকে নিয়ে আসি। এমনও হয়েছে এ খেলা দেখা নিয়ে ঝগড়া হয়ে দীর্ঘদিন অনেক বন্ধুর সঙ্গে কথা বলিনি। ব্রাজিল আমার প্রিয় ফুটবল দল। এবার জিতবে তারাই।
মাহিয়া মাহি : বরাবরই আর্জেন্টিনা দলের ভক্ত আমি। কম বেশি সব দলের খেলাই দেখা হয়। তবে আর্জেন্টিনা খেলার দিন একটু বেশি উত্তেজনা কাজ করে। মেসির ভীষণ ভক্ত আমি। আশা করি এবারের বিশ্বকাপটা মেসির জন্য এবং আমরা যারা এই দলের ভক্ত তাদের জন্যও ইতিহাস হয়ে থাকুক। যেভাবে এখন খেলছে এভাবে খেললে ফাইনালে যাবে আর্জেন্টিনা এবং বিশ্বকাপ জিতবে।
প্রসঙ্গত, এর বাইরে আরও অনেক তারকা আছেন, যারা ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনায় মেতে উঠেছেন। খেলা শুরুর পর থেকেই তাদের পছন্দের দলের কথা সামাজিকমাধ্যমে শেয়ারও করছেন। তারাও ফুটবল বিশ্বকাপ চলাকালে এক এক করে নিজেদের ভালো লাগার কথাগুলো জানাবেন।




