
দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেকনিক্যাল দিক থেকে শুরু করে অনেক কিছু দেখিয়েছেন। তাদের মাধ্যমেই দর্শক প্রথমবার বিদেশি সিনেমার মতো অ্যাকশন দেখার সুযোগ পেয়েছেন। বলছি অনন্ত জলিল ও বর্ষার কথা।
দীর্ঘ আট বছর পর নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন এই জুটি। এ বছরের ১০ জুলাই দেশের ১১৫টি হলে মুক্তি পায় তাদের অভিনীত ‘দিন দ্য ডে’ সিনেমাটি। মুক্তির পর থেকেই প্রতিদিন বিভিন্ন প্রেক্ষাগৃহে ঘুরে বেড়ান তারা। ইতোমধ্যে সিনেমাটি নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি।
এরপরই নতুন সিনেমার ঘোষণা দিয়েছিলেন তারা। মুক্তির অপেক্ষায় রয়েছে বিগ বাজেটের সিনেমা ‘নেত্রী-দ্য লিডার’। এই সিনেমায় অভিনয় করেছেন চার দেশের শিল্পীরা।
তবে সিনেমাটির অফিসিয়াল টিজার প্রকাশের আগেই নেটদুনিয়ায় দেখা গেছে এর টিজার। আর এই টিজার নিয়েই মুখ খুললেন অনন্ত-বর্ষা। ভক্তদের প্রতারণা থেকে সাবধান থাকার জন্য এই তারকা দম্পতি জানান।
তারা বলেন, ‘বন্ধুরা, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে নেত্রী দ্যা লিডারের যে টিজারটি আপনারা দেখেছেন, তা অফিসিয়াল টিজার নয়। ফ্যানরা অতি উৎসাহে তা বানিয়েছে। শুটিং চলাকালীন দর্শকদের মোবাইলে ধারণকৃত ও অন্যান্য মুভির ফুটেজ ব্যবহার করে টিজারটি বানানো। নেত্রী দ্যা লিডারের টিজার প্রকাশ করার আগে অবশ্যই আমরা আমাদের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে জানাব।
এদিকে আরও জানা যায়, অনন্তর ‘দিন দ্য ডে’ সিনেমা নিয়ে জটিলতায় অনন্ত জলিলকে তলব করেছেন তেহরানের একটি আদালত। এমনটাই বলছেন ‘দিন-দ্য ডে’ চলচ্চিত্রের ইরানি পরিচালক মুর্তজা আতশ জমজম।
এ প্রসঙ্গে সোমবার (৫ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে অনন্ত জলিল বলেন, সে যদি মামলা করে থাকে তাহলে করতে পারে। আমি ভিনদেশি, আমাকে তো আর নিয়ে যেতে পারবে না। আর সে মামলা করেছে তো কী হয়েছে, আমিও মামলা করেছি। আমি ভদ্র বলেই মামলা করা নিয়ে উচ্চবাচ্য করিনি। জমজম তেহরানে মামলা করেছে, আমি ঢাকায় মামলা করব। আমি সত্যের পথে আছি।
প্রসঙ্গত, বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন-দ্য ডে’। সিনেমাটির বাজেট ১০০ কোটি টাকা। এই সিনেমার বাংলাদেশের অংশের প্রযোজক অনন্ত জলিল। অর্থাৎ বাংলাদেশে শুটিংয়ে যে অর্থ ব্যয় হয়েছে, তিনি সেই অংশটুকুতেই লগ্নি করেছেন। অন্যান্য দেশের শুটিংয়ে ব্যয় বহন করেছে ইরানি প্রযোজক। বাজেটের কারণে বেশ আগে থেকেই আলোচনায় ছিল ‘দিন-দ্য ডে’। মুক্তির পরেও কম আলোচনা-সমালোচনা হয়নি। মূলত বাজেট নিয়েই ঝামেলায় জড়ান দুই পক্ষ।




