
চলতি বছর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘ব্যান্ড মিউজিক ডে’। এখন থেকে প্রতি বছরের ১ ডিসেম্বর দিবসটি উদযাপন করা হবে। এটি বাংলাদেশের ব্যান্ড শিল্পীদের জন্য সুখবর।
এমন একটি দিবসের স্বপ্ন বুনেছিলেন প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। অবশেষে তার সেই স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে। এবারের আয়োজনে দেশের সেরা ব্যান্ডগুলো মঞ্চ মাতিয়েছেন।
তবে এর আগে, ব্যান্ড সঙ্গীতশিল্পীদের নানা অজুহাতে কনসার্ট করার জন্য ভেন্যু দেওয়া হতো না, এমনটাই জানিয়েছেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার।
তিনি বলেন, কনসার্ট করার জন্য বরাবরই সিকিউরিটি ইস্যু দেখিয়ে আমাদেরকে ভেনু দেওয়া হয় না। আর এ ধরণের কনসার্ট করতে গেলে অনেক বড় একটা জায়গার প্রয়োজন হয়। কিন্তু আমার কাছে মনে হয়, যে ইস্যুটা তারা দেখাচ্ছেন, সেটা অনেক বড় একটা অজুহাত। বর্তমানে বাংলাদেশে ব্যান্ড মিউজিক বড় একটা পরিসর। তাই কর্তপক্ষ যদি বিষয়টা সিরিয়াসলি দেখেন, তাহলে আমাদের দেশে আরও কনসার্ট করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, ‘ব্যান্ড মিউজিক ২০২২’কনসার্টের আয়োজন করা হয়েছে তার সম্পুর্ন কৃতিত্ব দিবো বাচ্চু ভাইকে। কারণ, ব্যান্ড মিউজিকের জন্য এরকম একটা দিন বাচ্চু ভাইয়ের বড় স্বপ্ন ছিল। আমি একটা কথাই বলতে চাই, বাচ্চু ভাই তো আমাদের গিটারের হিরো। আমার অনেক স্বপ্ন ছিল এক মঞ্চে দাঁড়িয়ে তার সঙ্গে গিটার বাজাবো, সেই সুযোগটাও হয়েছিলো। কিন্তু ছোট ভাবে অল্প সময়ের জন্য সুযোগটা পেয়েছিলাম। আমি এখনও সেই সময়টাকে মনে করি এবং আমি মনে করি, এটা আমার জীবনের অনেক বড় প্রাপ্তি।




