
বাবা হয়েছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার মনোজ তিওয়ারি। সোমবার (১২ ডিসেম্বর) সকালে কন্যাসন্তানের জন্ম দেন তার স্ত্রী সুরভী তিওয়ারি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই সে সুখবর জানান বিজেপি নেতা ও ভোজপুরী সুপারস্টার মনোজ তিওয়ারি। হাসপাতাল থেকে ছবি পোস্ট করে আশীর্বাদ চান অনুসারীদের কাছে।
ছবি পোস্ট করে মনোজ ক্যাপশনে লেখেন, ‘প্রথমে আমাদের জীবনে লক্ষ্মী এসেছিল, এবার সরস্বতী। ’ ৫১ বছর বয়সী এই তারকা তার সোশ্যাল মিডিয়া ফলোয়ারদের আশীর্বাদও প্রার্থনা করেছেন।
অনেক শুভাকাঙ্ক্ষীই শুভেচ্ছা জানিয়েছেন তিওয়ারি দম্পতিকে। ইউনিয়ন মন্ত্রী ড. সুভাস সরকার শুভেচ্ছা জানিয়েছেন মনোজ তিওয়ারিকে। মনীশ শর্মা লিখেছেন, ‘শুভেচ্ছা মনোজজি ও সুরভীজি। আপনার কন্যাসন্তানকে শ্রীকৃষ্ণ আশীর্বাদে ভরিয়ে দিক।’
গত মাসেই স্ত্রীর সাধভক্ষণের ছবি শেয়ার করেছিলেন মনোজ তিওয়ারি। সেখানে স্ত্রীয়ের সঙ্গে উচ্ছ্বসিত দেখাচ্ছিল মনোজকেও। একসঙ্গে হাসিখুশি বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন অভিনেতা।
প্রসঙ্গত, সুরভী হলেন মনোজ তিওয়ারির দ্বিতীয় স্ত্রী। ২০১২ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন তারা। ২০২০ সালে প্রথম সন্তানের জন্ম দেন সুরভী। তার আগে ১৯৯৯ সালে রানি তিওয়ারিতে বিয়ে করেছিলেন মনোজ। ১১ বছর সংসার করার পর বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তারা।




