
আমি তোমাকে বলে দেব, গাড়ি চলে না, চোখটা এতো পোড়ায় কেন- এমন অনেক হৃদয়গ্রাহী গান রয়েছে সঞ্জীব চৌধুরীর, যেগুলোর মাধ্যমে তিনি আজীবন ভক্ত-শ্রোতাদের মধ্যে বেঁচে থাকবেন। তার জন্মদিন রোববার (২৫ ডিসেম্বর)। সঞ্জীবের জন্মদিন উদযাপন করবে তার গানের সতীর্থ ও ভক্তরা। আর এজন্যই আয়োজন করা হয়েছে ‘সঞ্জীব উৎসব’।
গানের এই তারকা নেই ১৫ বছর হয়ে গেল। কিন্তু তার জন্ম কিংবা মৃত্যুদিনে স্মরণ করতে প্রতিবছরই কনসার্টের আয়োজন করা হয়। তবে এবার ‘সঞ্জীব উৎসব’ শিরোনামের একটি আয়োজন একটু ব্যতিক্রমভাবেই করা হয়েছে। একাদশ এই আসরটি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে।

সংগীতে ও সাংবাদিকতায় মুগ্ধতা ছড়ানো সঞ্জীবের জন্মদিনের আয়োজনটি শুরু হবে রোববার বিকাল ৪টায়। গানের এই আয়োজনে থাকবে ১৫ জন একক শিল্পী ও ৩ ব্যান্ডের পরিবেশনা। একক শিল্পীদের মধ্যে রয়েছেন জয় শাহরিয়ার, লিমন, লাবিব কামাল গৌরব, আরমীন মূসা, সন্ধি, সালেকিন, রিয়াদ হাসান, সাহস মোস্তাফিজ, সুহৃদ স্বাগত, অর্ঘ্য, রাফসান, পলাশ ও পিজু। পরিবেশনায় ব্যান্ডের তালিকায় আছে বাংলা ফাইভ, কোলস্লো ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ।
এ ব্যাপারে জয় শাহরিয়ার বলেন, আমরা তো সঞ্জীবদার গান শুনেই বড় হয়েছি। সঞ্জীব চৌধুরী মানে শুধু গান নয়, তিনি একটা দর্শন ছিলেন। আমরা যারা তার দর্শনকে ধারণ করি, তাদেরই সম্মিলিত এই আয়োজন। আমরা পরবর্তী প্রজন্মের কাছে সঞ্জীব চৌধুরীকে ছড়িয়ে দিতে চাই।
উল্লেখ্য, ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন সঞ্জীব চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন তিনি। এরপর সাংবাদিক বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে এই পেশার সঙ্গে যুক্ত হন তিনি। সাংবাদিকতার পাশপাশি সঞ্জীব চৌধুরী সংগীত ও সাহিত্য নিয়ে চর্চা চালিয়ে গেছেন।
সঞ্জীব চৌধুরী ছিলেন মূলত কথাপ্রধান গানের শিল্পী। বাপ্পা মজুমদারকে নিয়ে গড়ে তুলেছেন ‘দলছুট’ নামের একটি ব্যান্ড।
তরুণ প্রজন্মের শিল্পী সঞ্জীব চৌধুরী ২০০৭ সালের ১৯ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।




