
সাড়ে তিন বছর বয়সে ‘লিনজা’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে পা রাখেন জিনাত সানু স্বাগতা। অভিনয় করেন ‘সম্মান’, ‘সতীপুত্র আবদুল্লাহ’ ও ‘টপ মাস্তান’ চলচ্চিত্রে। স্বাগতা ছোটবেলা থেকে গান গাইতেন। নতুনকুঁড়ি প্রতিযোগিতায় ছড়াগান বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন তিনি।
২০০৬ সালে মান্নার বিপরীতে শত্রু শত্রু খেলা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মতো কোনো চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন। এর আগে, ২০০৫ সালে ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন তিনি। পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নিয়মিত অভিনয়ের সঙ্গে জুড়ে নিয়েছিলেন নিজের সংসার।
সাত বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন মডেল ও অভিনেত্রী জিনাত সানু স্বাগতা ও চিত্রগ্রাহক রাশেদ জামান। ছয় বছর সংসারের পর ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়।
এক বছর আগে এই দম্পতির ছাড়াছাড়ি হলেও এতদিন বিষয়টি গোপন ছিল। তবে বিভিন্ন সূত্রে খবরটি জানা গেলেও নিশ্চিত হওয়া যাচ্ছিল না। অবশেষে বিচ্ছেদ নিয়ে নিজেই মুখ খুললেন স্বাগতা।
স্বাগতা জানান, দুজনের বোঝাপড়ায় সমস্যা হচ্ছিল। তাই দুই পরিবার মিলে একটা পর্যায়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে জামানের সঙ্গে তার বিচ্ছেদ হয়।
এই অভিনেত্রী বলেন, আমরা দুজন সম্পর্কটা এগিয়ে নেওয়ার জন্য বারবার চেষ্টা করেছি। যখন দেখলাম, কোনোভাবে সম্ভব হচ্ছে না, তখনই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই।
নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন কি না- প্রশ্নে স্বাগতা বললেন, কোনো মানুষই সম্পর্ক ছাড়া বাঁচতে পারে না। জীবন চলার পথে কারও না কারও সঙ্গে সম্পর্কে জড়ায়। তবে এখনও তেমন কাউকে ভালো লাগেনি, যার সঙ্গে সম্পর্কে জড়ানো যায়।
‘যদি কখনও ভালো লাগে, সম্পর্কে জড়াতেও পারি। আর যদি কাউকে ভালো না লাগে, তবে যেভাবে আছি, সেভাবেই জীবনটাকে এগিয়ে নেব।’
প্রসঙ্গত, ওয়েব সিরিজ ‘কাইজার’-এ অভিনয় করে আলোচনায় আসেন স্বাগতা। শিগগিরই শুরু করবেন ‘কাইজার’–এর সিকুয়েল।
এ ছাড়া কয়েক দিন আগে স্বাগতা একটি রিয়েলিটি শোর উপস্থাপনা শেষ করেছেন। শুটিংয়ে ব্যস্ত আছেন ‘দেয়ালের দেশ’ নামের আরেকটি চলচ্চিত্রের। সম্প্রতি তার অভিনীত ‘অসম্ভব’ চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পেয়েছে।




