
বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেলের উদ্বোধন হলো। বুধবার (২৮ ডিসেম্বর) মেট্রোরেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে ফলক উন্মোচনের মাধ্যমে এই উদ্বোধন করেন তিনি।
স্বপ্নের মেট্রোরেল নিয়ে সম্প্রতি একটি গান গেয়েছেন দেশের জনপ্রিয় গায়িকা ও সংসদ সদস্য মমতাজ বেগম। গানটির প্রথম দুই লাইন ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় স্বপ্নের মেট্রোরেলের শুভযাত্রা/শেখ হাসিনার সফলতায় বাংলাদেশে আজ অনন্য উচ্চতা।’ গানটির কথা, সুর এবং সংগীতায়োজন করেছেন কিশোর দাশ। মূলত, মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করেই এই গানটি করা হয়েছে।
এ প্রসঙ্গে মমতাজ জানান, দেশে মেট্রোরেল চালু হয়েছে ভেবে ভীষণ আনন্দিত আমি। এর মাধ্যমে নতুন এক অধ্যায়ে পা রেখেছি আমরা সবাই। কাঙ্ক্ষিত মেট্রোরেল নিয়ে গানটি গাওয়ার মধ্য দিয়ে ইতিহাসের অংশ হতে যাচ্ছি আমি। গানের মাধ্যমে মেট্রোরেল ও উন্নয়নের জয়গান তুলে ধরেছি। আমার বিশ্বাস শ্রোতারা গানটি ভীষণ উপভোগ করবেন।
প্রসঙ্গত, এটুআই এর হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার কারিগরি সহযোগিতায় মেট্রোরেলের এই গানটি নির্মিত হয়েছে।




