
ঢাকার মঞ্চের অন্যতম সফল নাটক থিয়েটার আর্ট ইউনিট প্রযোজিত ‘কোর্ট মার্শাল’। তিন দশক ধরে দেশ-বিদেশের মঞ্চে নাটকটি দাপটের সঙ্গে অভিনীত হয়ে আসছে। আগামী শুক্রবার (১০ মার্চ) রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হবে ‘কোর্ট মার্শাল’ -এর ২৫০তম মঞ্চায়ন।
১৯৯৩ সালে ৪ মার্চ মহিলা সমিতি মঞ্চে নাটকটির প্রথম মঞ্চায়ন হয়েছিল। সলিল সরকারের লেখা নাটকটির রূপান্তর ও নির্দেশন দেন প্রয়াত নাট্যজন এসএম সোলায়মান।
‘কোর্ট মার্শাল’ এর ২৫০তম মঞ্চায়ন উপলক্ষে শুক্রবার নাটকটির নতুন ও পুরনো অভিনেতাদের মিলন মেলা বসবে। অতিথি হয়ে আসবেন নাট্যাঙ্গনের বিশিষ্ট জনেরা।
বহুল আলোচিত এ নাটকে ওঠে এসেছে আধুনিক সামন্ত প্রবৃত্তি, রাজনৈতিক উত্তরাধিকারের লড়াই এবং সামাজিক শ্রেণীদ্বন্দ্ব।

‘কোর্ট মার্শাল’ নাটকের প্রথম মঞ্চায়নে অভিনয় করেছিলেন- আজিজুল সামাদ, শেখ নাজিম, চন্দন রেজা, এস এম সোলায়মান, রাশেদুল হাসান লিটন, মোহাম্মদ বারী উর্মি, সুমন আহম্মেদ, কামাল রায়হান, মাসুম, কামরুল ইসলাম, প্রশান্ত হালদার প্রমুখ।
২৫০তম মঞ্চায়নে অভিনয় করবেন- ফেরদৌস আমিন বিপ্লব, মোকাদেম মোরশেদ, রাকিবুল হাসান মানিক, চন্দন রেজা, আশরাফ কবির, সেলিম মাহববু, নাহিদ সুলতানা লেমন, স্বাধীন শাহ, আবু সুফিয়ান বিপ্লব, হাসনাত প্রদীপ, স্বজল চৌধুরী প্রমুখ।
কোর্ট মার্শাল নাটকের পোশাক পরিকল্পনা ও সংগীতে রয়েছেন রীমা রফিক, আলোক পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান, মঞ্চ পরিকল্পনা ও পোষ্টার ডিজাইন রয়েছেন হেমায়েত হোসেন তপন।
থিয়েটার আর্ট তিন দশকের নাট্য অভিযাত্রায় ১৭টি নাটক মঞ্চে এনেছে । তার মধ্যে দর্শক নন্দিত সফল নাটকগুলো হলো- ‘কোর্ট মার্শাল’, ‘আমিনা সুন্দরী’, ‘গোলাপজান’ ও ‘মাধব মালঞ্চী’। এছাড়াও এস এম সোলায়মান রচিত থিয়েটার আর্ট ইউনিটের ‘খ্যাপা পাগলার প্যাঁচাল’ বাংলাদেশের সর্বাধিক মঞ্চায়িত পথ নাটক।




