
চিত্রনায়ক সালমান শাহকে হত্যা করা হয়েছে বলে আবারো দাবি করলেন নীলা চৌধুরী। নব্বই দশকের জনপ্রিয় নায়ক সালমানের মা নীলা চৌধুরী দাবি করেন, ‘সালমানকে পরিকল্পিতভাবে করা হয়েছে; সালমান শাহ আত্মহত্যা করেনি। স্ত্রী সামিরা ও তার পরিবার মিলে তাকে হত্যা করেছে। সঙ্গে চলচ্চিত্র জগতের অনেকেই যুক্ত ছিল।’
সালমান শাহ হত্যার বিচারের দাবিতে সালমান শাহ ঐক্যজোট মৌলভীবাজার জেলা আয়োজিত সহাসমাবেশ গতকাল বুধবার (১৩সেপ্টেম্বর) বিকেলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সালমানের মা নীলা চৌধুরী। এ সময় তিনি চিৎকার করে কান্নাজড়িত কণ্ঠে সালমান হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন।
লুৎফর রহমান শামীমের সভাপতিত্বে ও চিনু রঞ্জন তালুকদারের পরিচালনায় এই সমাবেশে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দা সানজিদা শারমীন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের জেলা সভাপতি আব্দুল মুহিত, অনলাইন প্রেসবক্লাব সভাপতি মশাহিদ আহমদ, সংগঠক ও সংবাদকর্মী মাহমুদ এইচ খান, সালমান শাহ‘র মামা আলমগির হোসেন কুমকুম প্রমুখ।
নীলা চৌধুরী আরো বলেন, ‘সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি রুবি দাবি করেছেন, রুবির চাইনিজ স্বামী ও সালমানের স্ত্রী সামিরাই বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক হত্যাকাণ্ডে সরাসরি জড়িত! তাহলে রুবীকে কেন আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না?
তিনি বলেন, ‘আমার ছেলের সঙ্গে সামিরার কখনো ভালো সম্পর্ক ছিলো না। টাকা পয়সার জন্য সামিরা তার সঙ্গে খারাপ ব্যবহার করত। তার পরিবার লোভী ছিল। তারা সালমানকে জামাই হিসেবে মেনে নেননি।’
পিআর/এম




