
ভাস্বান এবং নবী দুই বন্ধু। চাকরি না পেয়ে দুজনে ভীষণ মুশকিলে পড়ে যায়। তারা ঠিক করে অর্থের বিনিময়ে মানুষের মুশকিল আসান করে তাদের আর্থিক সমস্যা মেটাবে। যেমন চিন্তা তেমন কাজ। দুজকে অফিস ভাড়া করে কাজ শুরু করে। প্রথমে ক্লায়েন্ট না পেলেও একটা সময় পর তারা ভালোই ক্লায়েন্ট পাওয়া শুরু করে। ধীরে ধীরে স্বচ্ছল হতে থাকে। এমন সময় তাদের কাছে একটা ইন্টারেস্টিং কেস আসে। একজন প্রেমিক এসে বলে তার প্রেমিকাকে জোর করে তার বাবা-মা বিয়ে দিয়ে দিচ্ছে। প্রেমিক চায়- ভাস্বান এবং নবী তার সমস্যার সমাধান করে দিক।
ভাস্বান কেসটা নিতে না চাইলেও আর্থিক কারণে এবং নবীর চাপাচাপিতে ভাস্বান কেসটা নেয়। প্রেমিকের দেওয়া নাম-ঠিকানা অনুয়ায়ী ভাস্বান এবং গং যায় প্রেমিকাকে উদ্ধার করতে। সকালে প্রেমিক খোঁজ নিতে এসে দেখে ভাস্বানরা যাকে ধরে এনেছে সে অন্য মেয়ে। ভাস্বান বলে- তার দেওয়া নাম এবং ঠিকানা অনুযায়ী তারা কাজ করেছে। সে সময় ওই মেয়ে বলে ঠিক পাশের বাসায় তার নামের একটা মেয়েরও গতকাল বিয়ে হয়েছে। এতক্ষণে ধাঁধার উত্তর পায় তারা। কোনো মতে ওই মেয়ের কাছে মাফ চেয়ে তারা মেয়েটাকে ছেড়ে দেয়।
এমনই দুর্ভাগ্য ভাসানের প্রায় প্রায়ই মেয়েটার সঙ্গে তার দেখা হতে থাকে। অনেক আকুতি এবং ক্ষমা ভিক্ষা চাওয়ার পর মেয়েটা তাকে মাফ করে দেয়। কিন্তু ভাস্বান বিবেকের দংশনে পড়ে যায়। সে ধীরে ধীরে মেয়েটাকে ভালোবেসে ফেলে। একদিন বসন্তের স্নিগ্ধ বিকেলে ভাস্বান মেয়েটাকে প্রপোজ করে। এমনই গল্পে নির্মিত হয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত নাটক ‘মুশকিল আসান ডটকম’। রচনা গোলাম সারোয়ার অনীক ও পরিচালনা বি ইউ শুভ। অভিনয়ে যাহের আলভী, ফারিয়া শাহরিন, সহিদ উনি নবী প্রমুখ। এটি ঈদের পঞ্চম দিন বুধবার (২৬ এপ্রিল) রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে আরটিভিতে।




