
হঠাৎ করেই জানা গেলো চলচ্চিত্র ‘খাঁচা’ মুক্তি পাচ্ছে ২২ সেপ্টেম্বর। সিনেমা মুক্তির আগে যে ধরণের প্রচারণা চোখে পড়ে, খাঁচা মুক্তিতে তেমনটার দেখা নেই। তবে গতকাল ১৯ সেপ্টেম্বর অনলাইনে প্রকাশ হয়েছে খাঁচা চলচ্চিত্রের ট্রেলার।
১৯৪৭ সালের ভারত ভাগের ওপর ভিত্তি করে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক রচিত একই নামের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। গত ৩১ আগস্ট সেন্সর ছাড়পত্র পেয়েছে।
যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন আজাদ আবুল কালাম ও আকরাম খান। পরিচালনা করেছেন আকরাম খান। শুটিং হয়েছে নড়াইলের লোহাগড়ার ইতনা, মুন্সিগঞ্জের দোহার ও নাটোরে।
ছবিটিতে অভিনয় করেছেন- আজাদ আবুল কালাম, জয়া আহসান, মামুনুর রশীদ, চাঁদনী, শাহেদ আলী, কায়েস চৌধুরী, পিদিমসহ অনেকে।
২০১১-১২ সালে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘খাঁচা’। সিনেমাতে দেখা যাবে, অম্বুজাক্ষের পরিবার তাদের বসত-ভিটা বিক্রি করে দিয়ে ভারতে চলে যেতে চায়। ভারত থেকে আসা মুসলিম পরিবারগুলো অম্বুজাক্ষদের বাড়ি কিনতে এসে ফিরে যায়।
অম্বুজাক্ষ স্বপ্ন দেখে, ভারতে গেলে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হবে। সরোজিনী নানা প্রতিকূলতার মধ্যেও আগলে রাখে অম্বুজাক্ষের সংসার। দিনবদলের স্বপ্ন তার চোখে।
পিআর/এম




