বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘খাঁচা’

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭ , ০৫:৪৬ পিএম


বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘খাঁচা’

অ্যাকাডেমি অ্যাওয়ার্ড(অস্কার) এর ৯০তম আসরের বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশ থেকে অংশ নিতে যাচ্ছে আকরাম খান পরিচালিত চলচ্চিত্র ‘খাঁচা’।

একাধিক সূত্র থেকে বিষয়টি জানা গেছে। তবে এই বিষয়ে সংবাদ সম্মেলন করে আগামীকাল আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

আকরাম খান আরটিভি অনলাইনকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমি এখনই কিছু বলতে পারছি না। আগামীকাল সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। তবে আমি শুনেছি, এবার খাঁচা নির্বাচিত হয়েছে। আমাকে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে বলা হয়েছে। আমি এর বেশি কিছু বলতে পারছি না।’

অস্কারে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ ৯ সদস্যের একটি কমিটি গঠন করে। এই কমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খান।

১৯৪৭ সালের ভারত ভাগের ওপর ভিত্তি করে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক রচিত একই নামের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। গত শুক্রবার ৬টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পায়।

যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন আজাদ আবুল কালাম ও আকরাম খান। ছবিটি পরিচালনা করেছেন আকরাম খান।

শুটিং হয়েছে নড়াইলের লোহাগড়ার ইতনা, মুন্সিগঞ্জের দোহার ও নাটোরে।

অভিনয় করেছেন- আজাদ আবুল কালাম, জয়া আহসান, মামুনুর রশীদ, চাঁদনী, শাহেদ আলী, কায়েস চৌধুরী, পিদিমসহ অনেকে। ২০১১-১২ সালে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘খাঁচা’।

পিআর/এম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission