
বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। মাঝে মধ্যেই মন্তব্য করে বিতর্কে জড়ান এই অভিনেতা। সম্প্রতি বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসব নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। রীতিমতো ক্ষোভ ঝেড়েছেন এই অভিনেতা।
নওয়াজউদ্দিন বলেন, কান চলচ্চিত্র উৎসব চলাকালীন সেখানে যে সিনেমাগুলো দেখানো হয়, সেগুলো প্রদর্শিত হওয়া মানেই এই নয়, সব চলচ্চিত্রই উৎসবে মনোনীত হয়েছে। যে কেউ চাইলে প্রেক্ষাগৃহ ভাড়া করে নিজেদের লোকজনকে কানে ডেকে সিনেমা দেখাতে পারেন। সেই সঙ্গে নিজের মনমতো করে এটাও বলতে পারেন যে, আমাদের সিনেমা কানে প্রদর্শিত হয়েছে।
ঈর্ষা-বিদ্রূপের সুরে রীতিমতো ক্ষোভ ঝেড়েছেন নওয়াজউদ্দিন। তিনি বলেন, কান-এ একটি সিনেমা সাড়া ফেললেই সেটির বাণিজ্যিক সফলতার বিষয়ে কোনো নিশ্চয়তা নেই।
সেই সঙ্গে নিজের সিনেমার উদাহরণ টেনেই অভিনেতা আরও বলেন, ২০১২ সালে আমার সিনেমা ‘মিস লাভলি’ কান-এ সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। কিন্তু ভারতে মুক্তি পাওয়ার পর বক্স অফিসে সফলতার মুখ দেখেনি সিনেমাটি।
প্রসঙ্গত, এবারের কান চলচ্চিত্র উৎসবে নওয়াজউদ্দিনের অনেকগুলো সিনেমা আনুষ্ঠানিক ভাবে দেখানো হয়েছে। অভিনেতার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জোগিরা সারা রা রা’। এতে সিনেমায় নওয়াজউদ্দিনের বিপরীতে রয়েছেন নেহা শর্মা।




