
জনপ্রিয় সঙ্গীতশিল্পী বিউটির জন্মদিনে আসছে তারই গাওয়া ‘পাষাণ বন্ধু’ গানটির ভিডিও। আগামী ৭ অক্টোবর এই সঙ্গীতশিল্পীর জন্মদিন। এদিন গানটির ভিডিও প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।
গত রোজার ঈদে প্রকাশ হয় বিউটির পঞ্চম একক অ্যালবাম ‘পাষাণ বন্ধু’। অ্যালবামটি প্রকাশ হয়েছে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে। ওই অ্যালবামের টাইটেল গান এটি। গানটির কথা ও সুর করেছেন জিয়াউদ্দিন আলম, সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু।
এ গানে মডেল হয়েছেন নাদিম খান ও রাজ রিপা। গাজীপুরে চিত্রায়িত এই ভিডিও নির্মাণ করছেন ইমন।
বিউটি বলেন, প্রায় পাঁচ বছর পর আমার নতুন মিউজিক ভিডিও প্রকাশ হচ্ছে। এটি আমার জন্মদিনের আনন্দে ভিন্ন মাত্রা যোগ করবে।
বিউটি এখন নিয়মিত গান নিয়ে ব্যস্ত রয়েছেন। তিনি বলেন, আমার সন্তানের বয়স দুই বছর। মাঝে মা হওয়ার কারণে কিছুদিন গান থেকে দূরে ছিলাম। এখন নিয়মিত গান করছি। স্টেজ শো, টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিচ্ছি।
সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতা ‘ক্লোজআপ ওয়ান’ এর মাধ্যমে তারকাখ্যাতি পান বিউটি। লালনের গান গেয়ে দেশব্যাপী পরিচিত হয়ে ওঠেন। এ পর্যন্ত তার তিনটি একক, একটি দ্বৈত ও কিছু মিক্সড অ্যালবাম প্রকাশ হয়েছে।
পিআর/কে




