
কিংবদন্তি কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের ১১তম প্রয়ান দিবস আজ ১৯ জুলাই। গল্প, উপন্যাস, ভ্রমণ, আত্মজৈবনিক, কিশোর সাহিত্য, গান-কবিতাসহ নানান স্বাদের লেখার মাধ্যমে পাঠকের মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন তিনি। পাশাপাশি নির্মাণ করেছেন কালজয়ী অসংখ্য নাটক ও চলচ্চিত্র। এসব নির্মাণ করতে গিয়ে অনেক অভিনয়শিল্পীও তৈরি করে রেখে গেছেন শব্দের এই জাদুকর।
এদের মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু। তার প্রায় সবকটি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা।
বুধবার (১৯ জুলাই) কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস উপলক্ষে তার ফেসবুকে বেশ কয়েকটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন স্বাধীন খসরু। শুধু তাই নয়, প্রয়াত হুমায়ূন আহমেদের কবর জিয়ারতও করেছেন এই অভিনেতা। প্রথম পোস্টে জিয়ারত অবস্থার একটি ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।
ক্যাপশনে স্বাধীন খসরু লিখেছেন, ইহজগতে আপনি আমার বাংলাদেশ। যেখানে আছেন ভালো থাকুন, শান্তিতে থাকুন। আপনার স্বীকৃত হিমু, সে আসে ধীরে।

অভিনেতা তার ফেসবুকের দ্বিতীয় পোস্টে হুমায়ূন আহমেদ ও স্বাধীন খসরুর সাদা-কালো একটি ছবি প্রকাশ করে লেখেন, আজ সারারাত ঘুমাইনি, ঘুমাতে পারিনি, হিমু, রুপা, মাজেদা খালা আর মিসির আলীর স্রষ্টার জন্য।
তৃতীয় পোস্টেও একই ছবি প্রকাশ করে স্বাধীন খসরু লিখেছেন, আজকে থেকে চলবে ‘হুমায়ূননামা’। থাকুন ‘খোলা হাওয়া’র সঙ্গে।
তার প্রতি গভীর শ্রদ্ধা আর এতো ভালোবাসা দেখে বোঝাই যায়, অভিনয়শিল্পীদের সঙ্গে কতোটা মধুর সম্পর্ক ছিল প্রয়াত কিংবদন্তি হুমায়ূন আহমেদের।
প্রসঙ্গত, ২০১২ সালের আজকের এই দিনে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। ইচ্ছে অনুযায়ী তাকে সমাহিত করা হয়েছে তার হাতে গড়া নুহাশ পল্লীতে। প্রতি বছর এই দিনটিকে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন তার অগণিত ভক্ত, কবি, লেখক ও নাট্যজনরা।




