
নন্দিত অভিনেতা, নির্মাতা, লেখক ও চিত্রশিল্পী আফজাল হোসেনের জন্মদিন আজ ১৯ জুলাই। ১৯৫৪ সালের আজকের দিনেই পৃথিবীর আলো দেখেছেন তিনি। জীবনের ৬৮ বসন্ত পেরিয়ে ৬৯-এ পা রাখলেন এই চিরসবুজ খ্যাত অভিনেতা।
গুণী এই মানুষটির জন্মদিনে নন্দিত অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। সুবর্ণা লিখেছেন, ‘শুভ জন্মদিন আফজাল, তোমার সব সুখ কামনা করছি। তোমাকে সবসময় ভালোবাসি।’
সেই পোস্টের মন্তব্যের ঘরে শোবিজ অঙ্গনের অনেকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা লিখছেন। পাশাপাশি পোস্টে ছবিটির প্রশংসা করছেন।
প্রসঙ্গত, সাতক্ষীরার পারুলিয়ায় আজকের এই দিনে জন্মগ্রহণ করেন আফজাল হোসেন। চারুকলায় পড়ার সময় ঢাকা থিয়েটারের মাধ্যমে মঞ্চে কাজ শুরু করেন। সত্তর দশকের শেষদিকে টেলিভিশন জগতে পা রেখে অভিনয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। আশির দশকে আফজাল হোসেন হয়ে ওঠেন টেলিভিশন নাটকের জনপ্রিয় এক নাম। এ ছাড়া চলচ্চিত্রেও প্রশংসা কুড়িয়েছেন দর্শকপ্রিয় এ অভিনেতা।




