
সুপারস্টার জিতের হাত ধরে এবার টালিউড ইন্ডাস্ট্রিতে প্রবেশ করল নতুন প্রযুক্তি, যেখানে থাকছে ‘সিনেবট’ ক্যামেরা। জিতের প্রযোজনা সংস্থা থেকে নির্মাণাধীন ‘বুমেরাং’ ছবির নির্মাতারা ছবিটির কিছু অংশ ‘সিনেবট’ ক্যামেরায় শুট করছেন।
জানা গেছে, এই ছবিতে বেশ কিছু জটিল দৃশ্য থাকছে। কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত এই ক্যামেরা সেই সব অ্যাকশন দৃশ্য এবং জটিল শট নির্ভুলভাবে শুট করতে সক্ষম হবে। ‘বুমেরাং’ ছবির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন জিৎ ও রুক্মিণী। ছবিটি পরিচালনা করছেন সৌভিক কুন্ডু।
ছবিটির জন্য বিশেষ ধরনের বাইক তৈরি করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ফিউচারিস্টিক বাইক। সাধারণত ছবিতে স্ট্যান্ডের জন্য যে বাইক ব্যবহৃত হয় তা পরিচিত। তবে এই ছবির জন্য এই বিশেষ মোটরবাইক তৈরি করেছে ইউনিট। উন্নত প্রযুক্তি বুমেরাংকে কয়েক ধাপ এগিয়ে দেবেন বলেই মনে করা হচ্ছে।
জিৎ, রুক্মিণী ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন সত্যম ভট্টাচার্য, দেবচন্দ্রিমা সিংহ রায়, খরাজ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, শ্যামল চক্রবর্তী প্রমুখ।
প্রসঙ্গত, এক সময় হলিউডে জেরার্ড বাটলার অভিনীত ‘থ্রি হান্ড্রেড’ ছবিতে এই ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়েছিল। পরে বলিউডে ‘ধুম’ সিরিজেও এই ধরনের ক্যামেরা ব্যবহৃত হয়।




