
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায় যে, কোক স্টুডিওর জনপ্রিয় গান ‘পাসুরি’র গায়ক আলি শেঠি নিউইয়র্কভিত্তিক চিত্রশিল্পী সালমান তূরকে বিয়ে করেছেন। এ নিয়ে চলে বিস্তর আলোচনা-সমালোচনা। এবার সেই বিয়ে নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের আলোচিত গায়ক আলি শেঠি।
গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিয়ের খবরকে নিছক গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন আলি শেঠি। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বিষয়টি স্পষ্ট করেছেন তিনি। তিনি লেখেন, ‘আমি বিবাহিত নই। আমি জানি না কে বা কারা এই গুজব শুরু করেছে।’
একই পোস্টে গুজব রটনাকারীদের ব্যঙ্গ করে আলি শেঠি লিখেছেন, ‘হয়তো তাদের আমার নতুন প্রকাশনা বাজারজাত করতে সাহায্য করা উচিত। গেল বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে শুরু হয় কোক স্টুডিওর ১৪তম সিজন। এই আয়োজনের ‘পাসুরি’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়। এমনকি পার্শ্ববর্তী দেশগুলোতেও টপচার্টে উঠে আসে গানটি। এরপর থেকে বিশ্বব্যাপী ভক্ত-অনুরাগী ছড়িয়ে পড়ে তার।
প্রসঙ্গত, পাকিস্তানি প্রতিভাবান এই গায়ক হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছেন। পাকিস্তানের সিনেমা থেকে ড্রামা সিরিয়াল, সবকিছুতেই তার সংগীত সুপারহিট। তবে কেবল গায়কী নয়, লেখালেখির ওপরও দক্ষতা রয়েছে আলি শেঠির। তার লেখা প্রথম বই ‘দ্য উইশ মেকার’ প্রকাশিত হয়েছিল ২০০৯ সালে।




