
চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী সোমবার (১৮ সেপ্টেম্বর) চলে গেছেন না ফেরার দেশে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শোবিজের নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। প্রিয় পরিচালকের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি।
এ সময় সৈয়দ সালাহউদ্দিন জাকীর কাছে ক্ষমা চান সুবর্ণা মুস্তাফা। পাশাপাশি নির্মাতার জন্য কিছু না করতে পারায় আফসোসও করেন নন্দিত এই অভিনেত্রী।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে সৈয়দ সালাহউদ্দিন জাকীর একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন সুবর্ণা মুস্তাফা।
ক্যাপশনে তিনি লিখেছেন, ১৩ তারিখ রাতেও কথা হলো। বুঝিনি এটাই শেষবার! ক্ষমা করে দিয়েন জাকী ভাই, কিছুই করা হয়নি আপনার জন্য। কেবল গ্রহণই করেছি, আপনার আদর, আপনার ভালোবাসা, শিক্ষা। আবার অভিভাবক শূন্য হলাম আমরা। অনেক ভালোবাসি আপনাকে। শান্তিতে ঘুমান আপনি। পরম শ্রদ্ধা।
জানা গেছে, জীবনের শেষপ্রান্তে এসে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় দুটি চলচ্চিত্রের কাজ শেষ করেন সৈয়দ সালাহউদ্দিন জাকী। একটি ‘অপরাজেয় একা’ অন্যটি ‘ক্রান্তিকাল’।
তবে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ইচ্ছেমতো ছোটাছুটি করতে পারতেন না এই গুণী নির্মাতা। এরপরও দমানো যায়নি তাকে। হুইলচেয়ারে বসেই ক্যারিয়ারের ৭ নম্বর সিনেমাটি নির্মাণ করেন তিনি। বর্তমানে ‘অপরাজেয় একা’ সেই নামের চলচ্চিত্রটি মুক্তির অপেক্ষায় আছে।




