
অভিনেত্রী হোমায়রা হিমুর এমন আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ মিডিয়া পাড়া। প্রিয় তারকার এভাবে চলে যাওয়ার খবর যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। অভিনেত্রীর মৃত্যুতে ইতোমধ্যে অনেকেই নেটমাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে হিমুর মৃত্যুর খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী বন্যা মির্জা। এ সময় মৃত মানুষকে নিয়ে কটু কথা না বলে, তাকে সম্মান জানানোর অনুরোধ জানান এই অভিনেত্রী।
বৃহস্পতিবার (২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দেন অভিনেত্রী বন্যা মির্জা।
পাঠকদের সুবিধার জন্য অভিনেত্রীর পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
আমরা কে কার খোঁজ রাখি! আমাদের একটা জীবনে কতশত মানুষের সঙ্গে চলি, বলি। তবুও কি জানতে পারি তার সবকিছু বা কোনোকিছু?

খোঁজ রাখা নিয়ে কথা যে কেউ বলতেই পারেন তার নিজের মতো করে। সহকর্মীর আত্মার শান্তিকামনা করতে পারব না এটা কেমন কথা! এসবই নিষ্ঠুরতা। অন্য কেউ খোঁজ নিলো কিনা তা না ভেবে নিজের কথা মনে করি, আমি কি করেছিলাম!
হিমু জীবন ভালোবাসতো, নানা রকম গয়না বানানোর শখ ছিল তার। সুন্দর করে নিজের বাড়িটিও সাজিয়েছিল সে। নিজের মতো তার একটা জগৎ ছিল। মৃতকে নিয়ে কটু কথা না বলে তাকে সম্মান জানান।
প্রসঙ্গত, হোমায়রা হিমুর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। কেউ বলছেন আত্মহত্যা, কেউ বলছেন হত্যা। কিন্তু পুলিশের প্রাথমিক ধারণা, আত্মহত্যা করেছে হিমু। তবে ময়নাতদন্তের পরই জানা যাবে অভিনেত্রীর মৃত্যুর আসল ঘটনা।
শুক্রবার (৩ নভেম্বর) ময়নাতদন্ত শেষে বাদ জুমা চ্যানেল আই চত্বরে হিমুর জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা রওনক হাসান।




