
দেশের জনপ্রিয় অভিনেতা এবং অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘আমার দেশ সম্প্রীতির বাংলাদেশ’র উদ্বোধনী প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে চলচ্চিত্রটি নির্মাণের পাশাপাশি ‘আমার দেশ, সম্প্রীতির বাংলাদেশ’ শিরোনামের তথ্যচিত্রটি গ্রন্থনাও করেছেন রওনক। এমনকি লিখেছেনও অভিনেতা নিজেই।
এ প্রসঙ্গে রওনক বলেন, আমরা সংস্কৃতিকর্মীরা কী চাই, আমাদের দাবিগুলো কী, বাংলাদেশকে কীভাবে দেখতে চাই— এমন চাওয়া-পাওয়া নিয়েই তথ্যচিত্রটি। সিনেমার নাম শুনেই বোঝা যাচ্ছে, আমাদের অসম্প্রদায়িক বাংলাদেশের আকুতি নিয়ে তৈরি করেছি তথ্যচিত্রটি।
জানা গেছে, নির্মাণ শেষে গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ডাবিং শেষ হয়েছে তথ্যচিত্রটির। এতে কণ্ঠ দিয়েছেন সংস্কৃতিকর্মী।
তথ্যচিত্রটিতে যেমন ইতিহাস বর্ণনা আছে, তেমনি অভিনয়ও আছে। পাশাপাশি সংগীত, নৃত্য, আবৃত্তিকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে তথ্যচিত্রটিতে।
প্রসঙ্গত, চলতি মাসেই বিভিন্ন মাধ্যমে প্রকাশ করা হবে তথ্যচিত্রটি।




