
মুক্তির চতুর্থ সপ্তাহেও প্রেক্ষাগৃহে চলবে ‘ঢাকা অ্যাটাক’। গেলো তিন সপ্তাহে সিনেমা হল মাতিয়েছে এই ছবিটি। এবার চতুর্থ সপ্তাহেও হাউজফুল প্রদর্শনী হবে বলেই মনে করছেন হল মালিকেরা।
ছবিটির নির্মাতা দীপংকর দীপন আরটিভি অনলাইনকে বলেন, ছবিটি মুক্তির চতুর্থ সপ্তাহেও দর্শকের আগ্রহ রয়েছে। এটা আমাদের জন্য বড় পাওয়া। আগামীকাল শুক্রবার(২৭ অক্টোবর) ৪০টি প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে পারবেন দর্শক। বৃহস্পতিবার বিকেলে আমরা হল তালিকা সোশ্যাল মিডিয়ায় প্রচার করবো।
গত ৬ অক্টোবর সারাদেশের ১২২টি হলে মুক্তি পায় ছবিটি। মুক্তির পর থেকে বেশ সাড়া জাগিয়েছে ‘ঢাকা অ্যাটাক’। চলতি বছরে সবচেয়ে বেশি ব্যবসা করেছে ছবিটি। এরই মধ্যে বিদেশের প্রেক্ষাগৃহেও ছবিটি মুক্তি পেয়েছে। ছবিটির বাণিজ্যিক সফলতা হল মালিকদের মাঝে প্রাণচাঞ্চল্য তৈরি করেছে।
দীপংকর দীপন পরিচালিত সিনেমাটির মূল ভাবনা ও কাহিনি লিখেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম ইউনিট) সানী সানোয়ার। পুলিশী-অ্যাকশন-থ্রিলার ধাঁচের ছবিটি ভিন্ন মাত্রা যোগ করেছে ঢাকাই সিনেমায়।
যৌথভাবে প্রযোজনা করেছে- স্প্ল্যাশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড এবং থ্রি-হুইলারস লিমিটেড।
এতে অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, এবিএম সুমন, নওশাবা, শতাব্দী ওয়াদুদ, তাসকিন রহমান, মোহাম্মদ আলী হায়দার, নিকোল মন্ডল।

বিশেষ অতিথি চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, আফজাল হোসেন, আলমগীর ও শিপন মিত্র।
পিআর/এম




