
দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি সম্প্রতি সারাদেশে ব্যাপক আলোচিত হয়। ছবিটির শিল্পী-কলাকুশলীদেরও দেখা যায় উচ্ছ্বসিত হয়ে সিনেমা হলে ঘুরে ঘুরে দর্শকের সঙ্গে এই সাফল্য ভাগ করে নিতে। এসবের মাঝে ব্যতিক্রম ছিলেন ছবিটির নায়িকা মাহিয়া মাহি।
ছবিটি মুক্তির পর থেকে তার মাঝে দেখা যায়নি তেমন কোনো উচ্ছ্বাস। ফেসবুক কিংবা গণমাধ্যমেও তাকে তেমন সরব দেখা যায়নি।
‘ঢাকা অ্যাটাক’ মুক্তির পর থেকে মাহি কেন নিরব? খোঁজ নিয়ে জানা যায়, অন্য একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকার কারণে ‘ঢাকা অ্যাটাক’ টিমের সঙ্গে থাকতে পারেননি তিনি। তবে শুটিংয়ের ফাঁকে রংপুরের একটি সিনেমা হলে বোরকা পড়ে দর্শকের সঙ্গে বসে ‘ঢাকা অ্যাটাক’ দেখেছেন এই নায়িকা।
গেলো ৬ অক্টোবর দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় বছরের আলোচিত ছবি ‘ঢাকা অ্যাটাক’। এরপর দেশের সিনেমা হলে ছবিটি ঝড় তোলার পর এখন বিদেশেও ভালো ব্যবসা করছে। দেশের সিনেমা হলে মাহিকে দেখা না গেলেও বিদেশে ছবিটির প্রচারণায় সরব রয়েছেন এই নায়িকা।
৩ নভেম্বর ছবির দুই অভিনয়শিল্পী আরিফিন শুভ, মাহিয়া মাহি; পরিচালক দীপঙ্কর দীপন ও কাহিনীকার সানী সানোয়ার দুবাই পৌঁছান। সেখানে তারা ছবির প্রচারণায় অংশ নিচ্ছেন। স্বামী অপুকে নিয়ে দুবাইয়ে ‘ঢাকা অ্যাটাক’ টিমের সঙ্গে রয়েছেন মাহি।
দুবাই থেকে ‘ঢাকা অ্যাটাক’ টিম যাবে প্যারিস, রোম, ভেনিস, মিলান ও জুরিখে। আগামী ৮ নভেম্বর নতুন করে ইউরোপের আরো কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। ইউরোপের প্রচারণায়ও থাকবেন মাহি।

অন্যদিকে, বাংলাদেশে ‘ঢাকা অ্যাটাক’র পঞ্চম সপ্তাহ চলছে। এটি এখন দেশের ২০টি সিনেমা হলে দেখা যাচ্ছে। গতকাল শনিবার ঢাকার স্টার সিনেপ্লেক্সে ৩৬তম বিসিএস-এ উত্তীর্ণ প্রায় ২৬৫ জন ক্যাডার অফিসার উৎসবের আমেজ নিয়ে একসঙ্গে 'ঢাকা অ্যাটাক' সিনেমাটি দেখেন।
পিআর/জেবি




