
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে মঞ্চস্থ হবে বুয়েট ড্রামা সোসাইটির নাটক ‘লেটার টু এ চাইল্ড নেভার বর্ন’। ‘দিক আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যোৎসব ২০১৭’ এ আমন্ত্রিত হয়ে আজ শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় মঞ্চস্থ হবে নাটকটি।
ওরিয়ানা ফাল্লাচির উপন্যাস থেকে এর নাট্যরূপ দিয়েছেন শাহেদ ইকবাল, নির্দেশনা দিয়েছেন বাকার বকুল। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন, ইসতিয়াক, জিমি, ফয়সাল, নিশাত, আনিকা, সোমা, মৌ প্রেম, পার্থ, অভিষেক, তুরাগ, তানজিম প্রমুখ।
নাটকটির কোরিওগ্রাফি করেছেন স্নাতা শাহরিন। সেট, পোশাক ও প্রপস পরিকল্পনা করেছেন রুনা কাঞ্চন। আলোক পরিকল্পনায় রয়েছেন আসলাম অরণ্য, সঙ্গীত পরিকল্পনায় রবিউল ইসলাম শশী।
নির্দেশক বাকার বকুল আরটিভি অনলাইনকে বলেন, উৎসবে অংশ নিতে বুয়েটের নাট্যশিল্পীরা বৃহস্পতিবার রাতে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে শুক্রবার সকালে পৌঁছান। আমাদের পুরো টিম এখন সিলেটে রয়েছে।
তিনি আরো বলেন, নাটকের প্রদর্শনীর জন্য আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিলেটের বন্ধুদের নাটক দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সিলেটের দর্শকদের ভালো একটি প্রদর্শনী দেখাতে পারব।
২০১৬ সালের অক্টোবরে ভারতের হরিয়ানার ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির বার্ষিক সাংস্কৃতিক উৎসবে রানারআপ হওয়ার গৌরব অর্জন করে এই নাটকটি।
উৎসবে ৭২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্টে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয় বুয়েট সাংস্কৃতিক দল। এর মধ্যে মঞ্চনাটক বিভাগে ‘লেটার টু এ চাইল্ড নেভার বর্ন’ মঞ্চস্থ করে রানারআপ হয় বুয়েট ড্রামা সোসাইটি। এরপর ঢাকার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হল এবং বুয়েট অডিটরিয়ামে নাটকটির বেশ কয়েকটি প্রদর্শনী হয়েছে।

পিআর/জেবি




