
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। অভিনয় করছেন বলিউডেও। অভিনেত্রী হিসাবে তো বটেই, গায়িকা হিসাবেও পরিচিতি আছে তার। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় সময়ই খবরের শিরোনামে থাকেন এই অভিনেত্রী। সিনেমা পাড়ায় তাকে নিয়ে বহুবার প্রেমের গুঞ্জন প্রকাশ্যে এসেছে।
তবে এবার তার বিয়ে নিয়ে বেশ আলোচনা শোনা যাচ্ছে চারদিকে। প্রেমিক শান্তনু হাজারিকারকে নাকি লুকিয়ে বিয়ে করেছেন দক্ষিণী বিনোদন জগতের এই তারকা। বলিউডের নয়নের মণি ও সামাজিক মাধ্যমের প্রভাবী ওরি ফাঁস করেন এই খবর। সত্যিই কি তাহলে চার হাত এক হয়েছে শ্রুতি ও শান্তনুর? এতদিনে সেই প্রশ্নেরই উত্তর দিলেন ‘সালার’ খ্যাত অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে শ্রুতি জানান, তিনি মোটেই লুকিয়ে বিয়ে করেননি। নিজের অনুরাগীদের না জানিয়ে এত বড় পদক্ষেপ নিবেন না বলেও জানান শ্রুতি।
তার কথায়, ‘‘আমি বিবাহিত নই। আমি বরাবরই আমার জীবন নিয়ে খোলামেলা ভাবে কথা বলেছি। বিয়ের মতো এত বড় একটা বিষয় কেন লুকাবো! কী হাস্যকর! যারা আমাকে একেবারেই চেনেন বা জানেন না, তারা থেমে যান।’’
সম্প্রতি এক সাক্ষাৎকারে ওরি জানান, শ্রুতি নাকি তার সঙ্গে একবার বেশ খারাপ ব্যবহার করেছিলেন। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই শান্তনুকে তিনি শ্রুতির স্বামী হিসাবে সম্বোধন করেন। ওরির ওই মন্তব্য থেকেই শুরু হয় শ্রুতির বিয়ে নিয়ে জল্পনা।
এ দিকে প্রেমিক শান্তনুর সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে বরাবরই খোলামেলা শ্রুতি। সামাজিক মাধ্যমে শান্তনুর সঙ্গে একাধিক ছবিও পোস্ট করেন অভিনেত্রী। গত প্রায় চার বছর ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে আছেন তারা। তবে বিয়ে নিয়ে এখনই কোনও মাথাব্যথা নেই শ্রুতি হাসানের।
প্রসঙ্গত, ‘সালার’ সিনেমায় প্রভাসের সঙ্গে জুটি বেঁধেছেন শ্রুতি হাসান। এছাড়াও হলিউড সিনেমা ‘দ্য আইতে’ও দেখা যাবে শ্রুতিকে।




