
বর্তমানে বেশ জমজমাট হয়ে উঠেছে রিয়েলিটি শো ‘বিগ বস-১৭’। খেলোয়াড়রা নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে খেলছেন। কিন্তু এর মাঝেই ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ‘বিগ বস’র ঘরেই হঠাৎ জ্ঞান হারালেন ওয়াইল্ডকার্ড প্রতিযোগী অভিনেত্রী আয়েশা খান।
পরে দ্রুত হাসপাতালে নেওয়া হয় আয়েশাকে। সেখানে জরুরি পরীক্ষা-নিরীক্ষার পর আবারও ‘বিগ বস’র ঘরে পাঠানো হয় এই অভিনেত্রীকে।
ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, ‘বিগ বস’র ঘরে আচমকাই অসুস্থ হয়ে পড়েন আয়েশা। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
সাধারণত ‘বিগ বস’র নিয়ম নিয়ম অনুযায়ী, একবার এই ঘরে কেউ ঢুকলে, দর্শকের বিচারে যতক্ষণ না সে খেলা থেকে বাতিল হচ্ছেন কিংবা খেলা শেষ না হওয়া পর্যন্ত কোনো প্রতিযোগীই বের হতে পারবেন না।
কিন্তু আয়েশা এতোটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে, কিছুক্ষণের জন্য অনুমতি নিয়ে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, ‘বিগ বস’র ঘরে আয়েশার সঙ্গে মুনাওয়ার ফারুকির সম্পর্ককে ঘিরে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে। আর আচমকাই অজ্ঞান হয়ে পড়েছিলেন আয়েশা।
এদিকে ভক্তদের দাবি, মুনাওয়ারকে ফাঁসাতে ইচ্ছে করেই এই কাজ করেছেন আয়েশা। তবে বর্তমানে সুস্থ আছেন তিনি। তবে এটিই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিগ বসে অজ্ঞান হয়েছেন আয়েশা খান।
প্রসঙ্গত, ভারতের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’। এর ১৭তম সিজনের সঞ্চালনার দায়িত্ব পালন করছেন বলিউড সুপারস্টার সালমান খান। আর নতুন এই সিজনে অংশগ্রহণ করেছেন ১৭ জন প্রতিযোগী।
সূত্র : ইন্ডিয়া টুডে




