
জায়েদ খান ও পরীমণি অভিনীত চলচ্চিত্র ‘অন্তর জ্বালা’ মুক্তি পাবে আগামী ১৫ ডিসেম্বর। ছবিটির টাইটেল গান রোববার ইউটিউবে প্রকাশ হয়েছে। ‘অন্তর জ্বালা’ পরিচালনা করেছেন মালেক আফসারী।
‘ছোট ছোট কিছু আশা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন এসআই টুটুল ও ন্যানসি। সুর-সঙ্গীতায়োজন করেছেন আলী আকরাম শুভ। গানের দৃশ্যে রোমান্টিক লুকে দেখা গেছে জায়েদ-পরীকে।
নির্মাতা মালেক আফসারী জানান, শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে ‘অন্তর জ্বালা’। প্রয়াত নায়ক মান্নার এক পাগল ভক্তকে কেন্দ্র করে এই ছবির গল্প। আশা করছি ছবিটি সুপারহিট ব্যবসা করবে।
এর আগে ‘এই ঘর এই সংসার’ ছবি নির্মাণের মধ্য দিয়ে প্রশংসিত হয়েছেন মালেক আফসারী। তিনি বলেন, এই ছবিটি দর্শকের মাঝে সাড়া জাগাবে। জায়েদ খান ও পরীমণিকে ভিন্ন লুকে দেখা যাবে ছবিটিতে।
এদিকে পরীমণি বলেন, এই ছবির মাধ্যমে অভিনেত্রী পরীমণিকে পাওয়া যাবে। দর্শক যেন অভিনয় দেখে মুগ্ধ হয় তার জন্য অনেক পরিশ্রম করেছি।
সহশিল্পী জায়েদ খান প্রসঙ্গে পরীমণি বলেন, এই ছবিটিতে জায়েদ খান অনেক পরিশ্রম করে নিজেকে উপস্থাপন করেছেন। জায়েদের অভিনয় দেখে সবাই মুগ্ধ হবেন।
অন্তর জ্বালা সিনেমার পরিবেশনার দায়িত্বে রয়েছে নায়ক মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলি কথাচিত্র। জায়েদ-পরী ছাড়াও অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌমিতা, চিকন আলী, বদ্দা মিঠু, মিজু আহমেদ, অমিত হাসান প্রমুখ।
পিআর/এসএস




