
মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মডেল-অভিনেত্রী রিশতা লাবণী সীমানা। বর্তমানে রয়েছেন লাইফ সাপোর্টে। এ অবস্থায় তাকে নিয়ে উদ্বিগ্ন পরিবার, সহকর্মী ও ভক্তরা। দোয়া চেয়ে অনেকেই পোস্ট দিচ্ছেন ফেসবুকে। বাদ যাননি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানও।
সোমবার (৩ জুন) রাতে ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমাদের প্রিয় অভিনয়শিল্পী রিশতা লাবনী সীমানা আপু। দীর্ঘ ১৪ দিন ধরে গুরুতর অসুস্থ। বর্তমানে লাইফ সাপোর্টে আছেন তিনি। সবাই তার জন্য দোয়া করবেন যেন, মহান সৃষ্টিকর্তা তার ছোট দুইটা বাচ্চার বুকে তার মাকে ফিরিয়ে দেন আমিন।’

প্রসঙ্গত, ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা দশে জায়গা করে নিয়েছিলেন সীমানা। এরপর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। নির্মাতা তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’-তার অভিনীত প্রথম সিনেমা। গত বছর ‘রোশনী’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন সীমানা। এটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার।




