
হালের আলোচিত দুই চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও সাইমন সাদিক। এই দুই নায়ককে ইন্ডাস্ট্রির কম বেশি সবাই প্রতিদ্বন্দ্বী হিসেবেই জানেন এবং চেনেন। সাইমন-বাপ্পী দু’জনের চলচ্চিত্রে পদার্পণ জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবির মাধ্যমে। তাদের দু’জনেরই প্রথম ব্যবসা সফল ছবির নায়িকা মাহিয়া মাহি।
এক সময় সাইমন, বাপ্পী জাজ মাল্টিমিডিয়া থেকে বেরিয়ে আসেন কিংবা বের হয়ে আসতে বাধ্য হন! তবে এতে এই দুই নায়কের ক্যারিয়ারে প্রভাব পড়েনি। দর্শকদের ভালোবাসা ও নির্মাতাদের আস্থায় নিয়মিতভাবে কাজ করছেন সাইমন-বাপ্পী।
যৌথ প্রযোজনার নামে প্রতারণার ছবির বিরুদ্ধে আন্দোলনে একসঙ্গে রাজপথেও দেখা গেছে দুই নায়ককে। এই দুই নায়কের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় ঠিকই তবে সেটি ভালো কাজের প্রতিযোগিতা। দু’জনেই চান দেশীয় চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নেয়ার।
পাঠক এত কথা বলার একটাই কারণ। চলচ্চিত্র শিল্প এখন ভাঙনের পথে। সবাই একে অপরের দোষ খোঁজার কাজে যখন ব্যস্ত ঠিক সেই সময় এই দুই নায়ক যেন আশার আলো দেখালেন। আজ ৬ ডিসেম্বর চিত্রনায়ক বাপ্পীর জন্মদিন। আর তার জন্মদিনে সকালেই ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়ক সাইমন। বাপ্পী এখন ‘প্রেমের বাঁধন’ ছবির শুটিং করছেন। অন্যদিকে সাইমন ব্যস্ত ‘আমার মা আমার বেহেশত’ ছবি নিয়ে।
জানা গেছে, আজ সন্ধ্যায় এফডিসির ১ নম্বর শুটিং ফ্লোরে ‘আমার মা আমার বেহেশত’ ইউনিটে বাপ্পীর জন্মদিন পালনের আয়োজন করেছেন সাইমন। সেখানে কেক কাটার মাধ্যমে এই জন্মদিনের উৎসব পালন করা হবে।
চলচ্চিত্রের এই অস্থির সময়ে তরুণ দুই নায়কের এমন আন্তরিকতার সম্পর্ক যেন ভালো কিছুর সুবাতাস।
এম/পিআর




