
গল্পটা রোমিও জুলিয়েটের নয়, গল্পটা শোভন ও সৈমির। দুজন ভালো বন্ধু। কিন্তু বিপরীত স্বভাবের। শোভন প্রেমে বিশ্বাসী না। তার ধারণা যে রাস্তা দিয়ে প্রেম যায় সে রাস্তা আর মরুভূমির রাস্তার মধ্যে কোনো পার্থক্য থাকে না।
কয়েক ডজন প্রেমের প্রস্তাব পাওয়া সত্বেও সে কখনো প্রেমে পড়েনি। সে সুযোগ পেলেই প্রেম বিরোধী কথা বলে। অন্যদিকে সৈমি প্রেমে বিশ্বাসী। তবে সে আধুনিক প্রেমিকযুগলের মতো নয়। সে সব সময় ক্যাজুয়াল ড্রেস পড়ে থাকে, প্রেমের নামে অযথা ডেটিং ঘুরাঘুরিতে বিশ্বাস করে না।
একদিন সৈমির ব্রেকআপ হয়, কারণ তার বয়ফ্রেন্ড বর্তমান প্রেমিকাদের মতো জিন্স, টি-শার্ট পড়ে স্মার্ট হতে বলেছে। কিন্তু সৈমি এটা করবে না। দুই স্বভাবের দুইজন মানুষকে নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘গল্পটা রোমিও জুলিয়েটের নয়’।
গোলাম সারোয়ার অনিকের রচনা ও মেহেদি হাসান জনির পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, নাজিয়া হক অর্ষা, উজ্জ্বল চৌধুরী, মিলি বাসারসহ অনেকে।
নির্মাতা জানান, আমার অনেক ভালোলাগার কাজ এটি। সব সময় ভিন্ন গল্প, ভিন্ন নাম দিয়ে নাটক নির্মাণ করার চেষ্টা করি। আশা করি আমার এই ভিন্ন চেষ্টায় দর্শকরা নিরাশ হবেন না। শিগগিরই যে কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে দেখানো হবে নাটকটি।
এম/পিআর




