
এবছর ‘সানসিল্ক-আরটিভি স্টার অ্যাওয়ার্ড-২০১৭’-এ আজীবন সম্মাননা পেয়েছেন বরেণ্য সঙ্গীতকার আলম খান।
আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা পদক তুলে দেয়া হয়। আলম খানের হাতে সম্মাননা পদক তুলে দেন আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান, হুমায়ুন কবির বাবলু। সম্মাননা পদক তুলে দেয়ার আগে আলম খানের বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র দেখানো হয়।
পদক গ্রহণ করে আলম খান বলেন, সাধারণত আজীবন সম্মাননা পদক আগে দেয়া হয়। কিন্তু আজকে মুক্তিযুদ্ধ ক্যাটাগরির পদক আগে দেয়া হয়েছে। এটা ভীষণ ভালো লেগেছে আমার। মানুষের জীবনে কিছু মুহূর্ত থাকে স্মরণীয় হয়ে থাকার জন্য। আজকের দিনটি আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে।
সৃজনশীল সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী ও কলাকুশলীদের সম্মান জানাতে সপ্তমবারের মতো অনুষ্ঠিত হলো ‘সানসিল্ক-আরটিভি স্টার অ্যাওয়ার্ড-২০১৭’। এবছর ভাষা ও মুক্তিযুদ্ধভিত্তিক নাটক, আজীবন সম্মাননা বিভাগ, এক ঘণ্টার নাটক বিভাগ, সঙ্গীত, ধারাবাহিক নাটক বিভাগ’সহ পাঁচ ক্যাটাগরিতে এই পদক প্রদান করা হয়।
আরটিভিতে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠানের শিল্পীদের সারা বছরের কাজের মূল্যায়ন এবং তাদের অভিনয় দক্ষতার স্বীকৃতি দিতে এই সম্মাননা অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন আরটিভি। গেলো ছয় বছরে অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, রচয়িতা, সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পীসহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে স্টার অ্যাওয়ার্ড প্রদান করেছে আরটিভি।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে আরটিভি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাহিদ হাসান, রিচি সোলায়মান, ফারিহা শাহরিন।
পিআর/পি




