
চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুনের সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। মালয়েশিয়ায় আদম পাচারের অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার জানান, প্রাথমিকভাবে পরিচালক অনন্য মামুনের সদস্যপদ স্থগিত করা হয়েছে। আগামী শনিবারের আরেকটি বৈঠকে সবরকম তথ্য-প্রমাণের ভিত্তিতে নতুন সিদ্ধান্ত নেয়া হবে।
মালয়েশিয়ায় ‘বাংলাদেশি নাইট’ নামের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে মানব পাচারের অভিযোগে গত ২৪ ডিসেম্বর কুয়ালালামপুরের একটি হোটেল থেকে আটক করা হয় অনন্য মামুনকে। এখনো তিনি ছাড়া পাননি।
বিষয়টি নিয়ে শনিবার পরিচালক সমিতির সভায় বিস্তারিত আলোচনা করা হবে। সমিতির একাধিক সূত্র থেকে জানা গেছে, পরিচালক অনন্য মামুনকে আজীবন নিষিদ্ধ করা হতে পারে।
কুয়ালালামপুরে ওয়াসমা এমসিএ মিলনায়তনে গত শনিবার রাতে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশি নাইট’ নামের ওই অনুষ্ঠান। এতে নাচ-গান পরিবেশন করেন আসিফ, আঁখি আলমগীর, এইচ এম রানা, শখ, ইমন, নিরব, মিষ্টি জান্নাত, আমানসহ অনেকে।
এদিকে বছর দুয়েক আগেও একবার নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন তরুণ এ নির্মাতা। শিক্ষাগত যোগ্যতার জাল সনদপত্র, জালিয়াতি করে যৌথ প্রযোজনার চলচ্চিত্রের নামে ভারতীয় ছবি বাংলাদেশে প্রদর্শনের অভিযোগে তার সদস্য পদ বাতিল করা হয়েছিল। পরে অঙ্গীকারনামা দিয়ে সদস্যপদ ফিরে পেয়েছিলেন।
পিআর/এম




