
আগুন, সাদা আর লাল, নেই প্রয়োজনসহ আরো বেশ কিছু গানের মাধ্যমে বছর জুড়েই আলোচনায় ছিলেন বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর।
শুধু গান গেয়েই ক্ষান্ত হননি আসিফ, মিউজিক ভিডিওতে প্রফেশনাল অভিনেতার মতো পারফর্ম করতে দেখা গেছে তাকে। প্রতিটি মিউজিক ভিডিওতে নতুন লুকে হাজির হয়ে চমকে দিয়েছেন ভক্তদের। আর এই সাফল্যের জোয়ার নতুন বছরেও ধরে রাখতে চান এই গায়ক।
তাইতো নতুন বছরের প্রথম প্রহরে ‘প্রথম দেখা’ নামে একটি গান প্রকাশ করতে যাচ্ছেন আসিফ। গীতিকার ও কন্ঠশিল্পী লুৎফর হাসানের কথায় গানটির সুর করেছেন রিয়াদ হাসান। গানটি কম্পোজিশন করেছেন ডিজে রাহাত। ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। রাজধানীর কোক স্টুডিওতে সম্প্রতি শেষ করা হয়েছে গানটির শুটিং। গানে আসিফ আকবরের পাশাপাশি ডিজে রাহাত কেও দেখতে পাবেন দর্শক।
এ ব্যাপারে আসিফ আকবর বলেন, প্রথমবার ডিজে রাহাত আর আমার কাজ হলো। ডিজে রাহাত মানেই ব্যতিক্রম কাজ। আবারো আমি নতুন লুকে আসছি ‘প্রথম দেখা’র ভিডিওতে। হাতে ট্যাটু লাগিয়েছি। একেবারে শুভ্র একটি লুকে দর্শক আমাকে দেখতে পাবেন। পুরো গানটি ইনফিনিটি সাদা আর কালোর উপর করা। আমরা জানি শান্তির রং সাদা। মূলত নতুন বছর যাতে সবার শুভ্র, সুন্দর আর শান্তিতে কাটে সে লক্ষেই আমাদের এই প্রয়াস। আশা করছি গানটির অডিও এবং ভিডিও দুটিই দর্শকদের ভালো লাগবে।
এম/এমকে




