
ক্যারিয়ারে পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অনুপম খের। তবে শুরুর পথটা সহজ ছিল না তার। অনেক কাঠখড় পুড়িয়ে আজকের এই অবস্থানে এসেছেন তিনি। এমনও হয়েছে বাড়ি থেকেও বের করে দেওয়া হয় অনুপমের পরিবারকে।
১৯৮৩ সালে মুম্বাইয়ে পরিবারের সঙ্গে ভাড়াবাড়িতে থাকতেন তিনি। সেসময় ইন্ডাস্ট্রিতে সুযোগের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন অভিনেতা। এ দিকে তিন মাসের বাড়িভাড়া বাকি তাদের। একদিন বাড়ি ফিরে দেখেন, বাড়িওয়ালা তাদের আসবাবপত্র বাইরে বারান্দায় বের করে দিয়েছেন।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অতীতের কষ্টের কথাগুলো শেয়ার করেন অনুপম। অভিনেতা বলেন, বাড়ি থেকে পরিবারকে বের করে দেওয়ায় সেদিন সন্ধ্যার মধ্যে এক প্রযোজকের কাছ থেকে ২ হাজার ১০০ টাকা নিয়ে বকেয়া ভাড়া মিটিয়েছিলাম। এমনকি কোথাও থাকার ছিল না, তাই মুম্বাইয়ের সমুদ্রসৈকতে সংবাদপত্র বিছিয়েও রাত কাটিয়েছি।
অনুপমের জন্য বলিউডে সুযোগ পাওয়াটাও খুব একটা সহজ ছিল না। কারণ, অল্প বয়সেই মাথায় টাক পড়ে যায় অভিনেতার। এ প্রসঙ্গে তিনি বলেন, যেকোনো প্রযোজকের কাছে গেলে শুনতে হতো, সোনার মেডেল দিয়ে কী করব আমরা? আপনার তো টাক পড়ে গেছে। আপনি চিত্রনাট্যকার বা পরিচালক হয়ে যান।
প্রসঙ্গত, চলতি মাসে ওটিটিতে মুক্তি পাচ্ছে অনুপমের নতুন সিনেমা ‘বিজয় ৬৯’। এতে একজন ৬৯ বছর বয়সী বৃদ্ধের ট্রায়াথেলন প্রতিযোগিতায় অংশগ্রহণের আখ্যান তুলে ধরা হয়েছে।
আরটিভি/এইচএসকে-টি




