
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে (টিএসসি) শেষ হয়েছে ছয়দিনব্যাপী ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব'। এবারের উৎসবে সম্মানজনক ‘হীরালাল সেন পদক’পেয়েছে তৌকির আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘হালদা’। উৎসবের সমাপনী প্রদর্শনীতে ছবিটি দেখানো হয় এবং পুরস্কার প্রদান করা হয়।
গত ১২ ফেব্রুয়ারি এই উৎসব শুরু হয়। এবারের আয়োজনে বাংলাদেশ ও কলকাতার সমসাময়িক এবং ধ্রুপদী ধারার ২০টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। উৎসবের স্লোগান ছিল-‘সুস্থ চলচ্চিত্র সুস্থ দর্শক।’
উৎসবের সমাপনী অনুষ্ঠানে গতকাল শনিবার সন্ধ্যায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান, সারাবাংলাডটনেটের নির্বাহী সম্পাদক মাহমুদ মেনন খান, চলচ্চিত্র নির্মাতা ফকরুল আরেফীন, চিত্রসমালোচক রাশেদুল হাফিজ ও জুনায়েদ হালিম।
--------------------------------------------------------
আরও পড়ুন: না ফেরার দেশে সাংবাদিক জুটন চৌধুরী
--------------------------------------------------------
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ২০০২ সাল থেকে আয়োজন করছে আমার ভাষার চলচ্চিত্র উৎসব। এবার ছিল উৎসবের ১৭তম আসর।
এই আয়োজনে পুরস্কার পাওয়ায় উচ্ছ্বসিত ‘হালদা’নির্মাতা তৌকির আহমেদ বলেন, ‘হীরালাল সেন নামটিই আমার কাছে অন্যরকম গুরুত্ব বহন করে। তার নামে প্রবর্তিত পদক পেয়ে আমি গর্বিত ও আনন্দিত।’
২০১৭ সালে মুক্তি পাওয়া ‘হালদা’ছবিটির গল্প লিখেন আজাদ বুলবুল। তৌকির আহমেদের চিত্রনাট্যে এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী ও এর দুইপাড়ের জেলেদের জীবন দেখানো হয়েছে এই চলচ্চিত্রে।

ছবিটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তিশা। এছাড়াও অভিনয় করছেন জাহিদ হাসান, ফজলুর রহমান বাবু, রুনা খান প্রমুখ।
আরও পড়ুন:
পিআর/পি




