টানা ভারীবর্ষণে সৃষ্ট ভয়াবহ ভূমিধস ও নদীর জলস্রোতে সেতু ভেঙে পড়ায় দার্জিলিংয়ে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আটকা পড়েছে বহু পর্যটক। এছাড়া অনেক মানুষ ঘরছাড়া হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এই শোচনীয় পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা দয়ে উত্তরবঙ্গের পাশে দাড়ানোর আহ্বান জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
সোমবার (৬ অক্টোবর) প্রসেনজিৎ দার্জিলিংয়ের পরিস্থিতি নিয়ে পোস্ট করতেই নেটিজেনরা তির্যক মন্তব্য করতে শুরু করেন। ওই পোস্টে অভিনেতা লেখেন, কুচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই মুহূর্তে সারা দেশ এবং সমগ্র দেশের নিঃস্বার্থ সহযোগিতা পাক এই আশা রাখি। মানুষ ও প্রকৃতি সামঞ্জস্য হারালে সচেতনতা এবং সৎ-উদ্যোগ একমাত্র উপায় ঘুরে দাঁড়ানোর।
অভিনেতার পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়। প্রসেনজিতের পোস্টে নেটিজেনরা কটাক্ষ করে লিখেছেন, স্টেজে নেচে এতক্ষণে সময় হয়েছে। অন্য একজন লিখেছেন, দুর্গাপূজার কার্নিভালে নাচুন। আরও একজন মন্তব্য করেন, কার্নিভালে নাচুন, আপনাদের মতো ছোটলোকদের সাহায্য লাগবে না।
উত্তরবঙ্গের শোচনীয় অবস্থার মধ্যেই রোববার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আয়োজিত দুর্গা পূজার কার্নিভালের আয়োজন করা হয়, যেখানে টালিউডের অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে প্রসেনজিৎকেও দেখা গিয়েছিল।
পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতির মধ্যেও কার্নিভাল কেন বাতিল করা হলো না, তা নিয়ে রাজ্য সরকারকে তোপ দাগে সাধারণ মানুষ। এবার সেই রোষ গিয়ে পড়ল টালিপাড়ার অভিনেতা প্রসেনজিতের ওপরও।
পুজোর কার্নিভালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চে দেখা গিয়েছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, যিশু সেনগুপ্ত, রাইমা সেন, ঐন্দ্রিলা সেন, তৃণা সাহাসহ টালি তারকাদের।
আরটিভি/কেআই




