ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সোলজার’-এর প্রথম ঝলক (ফার্স্ট লুক) প্রকাশিত হয়েছে। মাত্র ৩৩ সেকেন্ডের এই টিজারে অ্যাকশন, দেশপ্রেম এবং আত্মত্যাগের স্পষ্ট ইঙ্গিত মিলেছে। প্রথম ঝলকেই ভক্তদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন শাকিব খান। জানিয়েছেন, এই গল্প অনুপ্রেরণা জোগাবে এবং মানুষকে নিজের ভেতরের ‘সোলজার’ চিনে নিতে সাহায্য করবে।
টিজার শুরুতেই ঘড়ির কাঁটার সঙ্গে দেখা যায় বাংলাদেশের পতাকা, যার উপর দিয়ে উড়ে যাচ্ছে একটি হেলিকপ্টার। এরপর দ্রুত গতির কিছু অ্যাকশন দৃশ্য—গাড়ি ধাওয়া, বিস্ফোরণ, আর শেষ দৃশ্যে শাকিব খানের দৃপ্ত উপস্থিতি।
'তোমার জন্য দেশ, নাকি দেশের জন্য তুমি?' এই এক সংলাপেই যেন ফুটে উঠেছে সিনেমার মূল সুর- একজন প্রকৃত ‘সোলজার’-এর আত্মদর্শন।
চরিত্র নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে শাকিব খান বলেন, আগ বাড়িয়ে বলতে চাই না যে একদম ভিন্ন রূপে আমাকে দেখতে পাবেন দর্শকরা। তবে এটুকু বলতে পারি- এমন গল্পে আমি আগে কখনও কাজ করিনি। এই গল্প দর্শককে ভাবাবে, অনুপ্রেরণা দেবে, নিজের ভেতরের সোলজারকে চিনে নিতে সাহায্য করবে।
পরিচালক সাকিব ফাহাদ জানান, ‘সোলজার’ কেবল যুদ্ধ বা দেশপ্রেমের গল্প নয়। এটি নতুন প্রজন্মের সেই তরুণদের কথা বলবে, যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং দেশের জন্য কিছু করার স্বপ্ন দেখে।
তার ভাষায়, আমাদের প্রত্যেকের ভেতরেই একজন সোলজার আছে, যে নিজের অবস্থান থেকে প্রতিদিন লড়াই করে যায়। তাই ‘সোলজার’ কেবল সংগ্রামের গল্প নয়, এটি আশাবাদের গল্পও। সংকট যতই আসুক, মানুষ যে আশা হারায় না- এই বার্তাই সিনেমায় তুলে ধরা হবে।
শাকিব খানের বিপরীতে দেখা যাবে তানজিন তিশাকে। আরও অভিনয় করছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ একঝাঁক জনপ্রিয় শিল্পী। প্রযোজনায় রয়েছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড, পরিচালনায় তরুণ নির্মাতা সাকিব ফাহাদ।
সিনেমাটি কবে মুক্তি পাবে, তা এখনো ঘোষণা করা হয়নি। তবে টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে বেশ আগ্রহ ও আলোড়ন দেখা গেছে।
আরটিভি/কেআই




