
২০০২ থেকে ২০০৭ সালের স্যাম রাইমির স্পাইডার ম্যান ত্রয়ীতে পিটার পার্কার ও মেরি জেন ওয়াটসনের চরিত্রে বিশেষ ছাপ রেখে গিয়েছিলেন টবি ম্যাগুয়ের ও কার্স্টেন ডানস্ট। দীর্ঘ সময় পর এবার নতুন করে সেই জুটিকে বড় পর্দায় ফের দেখার সম্ভাবনা জোরালো হচ্ছে।
সম্প্রতি ‘দ্য সুপস শো’ অনুষ্ঠানে কার্স্টেন ডানস্ট স্পষ্ট ভাষায় জানান, তিনি মেরি জেন ওয়াটসনের চরিত্রে ফিরে আসতে আগ্রহী। তবে এবার একটি নতুন মোড় নিয়ে, যেখানে মেরি জেন পিটার পার্কারের স্ত্রী এবং সন্তানের মা হিসেবে দেখা যেতে পারে। তিনি বলেন, আমি অবশ্যই ফিরে আসতে চাই। বিশেষ করে যদি সিনেমাটি পিটার ও মেরির পরিবার গড়ার গল্প হয়। সেটাই মজার হবে। টবি ম্যাগুইরের সঙ্গে আবার সেই চরিত্রে ফিরব, সঙ্গে আমাদের সন্তানদের নিয়ে।
২০১২ সালে ‘দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান’ দিয়ে স্পাইডার-ম্যান ফ্র্যাঞ্চাইজির রিবুট হলেও, টবি ম্যাগুয়েরের হঠাৎ ফিরে আসার পর ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ সিনেমায় আবারো রাইমির ইউনিভার্সের আলোচনা বেড়েছে। সেই সিনেমায় টবি ম্যাগুয়েরের পিটার পার্কারের গল্প অসমাপ্ত রয়েছে, যা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে।
এদিকে, ‘দ্য ব্যাটম্যান’ সিনেমার কো-রাইটার ম্যাটসন টমলিনও স্পাইডার-ম্যান ৪-এর জন্য একটি স্ক্রিপ্ট পিচ করতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি চাই টবি ম্যাগুয়েরের স্পাইডার-ম্যানকে একজন স্বামী ও পিতা হিসেবে দেখানো হোক। বিগত কিছু সিনেমার থেকে আমি এ ধরনের গল্পে বেশি আকৃষ্ট।
বর্তমানে সনি ও মার্ভেল টম হল্যান্ডের ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ নিয়ে কাজ করছে। তবুও রাইমির স্পাইডার-ম্যান ত্রয়ীর অনুরাগীরা ম্যাগুয়েরের স্পাইডার-ম্যানের নতুন অধ্যায় দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
আরটিভি/কেআই




