
গেমপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন গ্র্যান্ড থেফট অটো সিক্স (জিটিএ সিক্স)-এর জন্য। কিন্তু সেই অপেক্ষা সহ্য করতে না পেরে এক টিকটক কন্টেন্ট ক্রিয়েটর ঘটালেন এমন কান্ড, যা ইতোমধ্যেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে। যুক্তরাষ্ট্র থেকে স্কটল্যান্ডের এডিনবার্গে উড়ে গিয়ে রকস্টার নর্থের অফিসের সামনে দাঁড়িয়ে কর্মীদের উপর চিৎকার করে ক্ষোভ ঝাড়লেন টিকটকার ‘ব্যাকঅনবুলেভার্ড’। খবর কোটাকু ডট কমের।
সম্প্রতি প্রকাশিত একটি ভাইরাল টিকটক ভিডিওতে দেখা যায়, ‘ব্যাকঅনবুলেভার্ড’ নামে এক টিকটকার রকস্টার নর্থ অফিসের সামনে অপেক্ষা করছেন। এরপর অফিসে প্রবেশ ও প্রস্থানকারী ব্যক্তিদের উদ্দেশ্যে তিনি চিৎকার করে জানতে চান: কবে আসছে ট্রেলার? আর কত দেরি? আমি জানতে চাই!
প্রথম ব্যক্তিকে লক্ষ্য করে এমন প্রশ্ন ছুঁড়ে দিলে তিনি চমকে উঠে কেবল বলেন, আমি জানি না এবং বলেই দ্রুত সরে পড়েন।
অন্য একটি ক্লিপে দেখা যায়, একজনকে অফিস থেকে বের হওয়ার পর অনুসরণ করছেন এই টিকটকার। বারবার প্রশ্ন করছেন, কেন দেরি হচ্ছে? নতুন ট্রেলার কবে? কিছুই বলতে পারবে না?– সেই ব্যক্তি স্পষ্টতই ভীত এবং অস্বস্তিকর অবস্থায় দ্রুত স্থান ত্যাগ করেন।
ভিডিওটি এখন পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার এরও বেশি ভিউ পেয়েছে এবং টিকটকে পিন করা আছে। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর টুইটারে গেম কনটেন্ট ক্রিয়েটর ‘গেম রোল’ সরাসরি সমালোচনা করে বলেন, যদি তুমি কারো কর্মস্থলে গিয়ে কর্মীদের হয়রানি করো কেবল একটা ভিডিও গেমের জন্য, তাহলে নিজের মাথাটা একটু পরীক্ষা করাও।
অনেকেই ‘গেম রোল’-এর সঙ্গে একমত হয়ে এই আচরণকে ‘হ্যারাসমেন্ট’ হিসেবে আখ্যা দিয়েছেন। তবে, আশ্চর্যজনকভাবে অনেক টিকটক ব্যবহারকারী আবার এই টিকটকারের পক্ষ নিয়েছেন এবং রকস্টার গেমস-এর দীর্ঘ চুপ থাকার জন্যই এই ঘটনার দায় দিয়েছেন।
আরটিভি/কেআই




