
চার বছর পরপর অনুষ্ঠিত হয় কমনওয়েলথ গেমস। তার আগে কমনওয়েলথভুক্ত দেশগুলোতে ভ্রমণ করে গেমসের ব্যাটন। আগামী বছর ২৩ জুলাই স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হবে কমনওয়েলথ গেমস। বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকায় হলো কিংস ব্যাটন রিলে।
রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যাওয়ার আগে এর নাম ছিল কুইন্স ব্যাটন। নাম বদলে এখন হয়েছে কিংস ব্যাটন। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ও কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি এবং খেলার প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিওএ’র সহসভাপতি মো. আবদুস সালাম। এ সময় বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহাবুব-উল-আলম, বিওএ’র মহাসচিব মো. জোবায়েদুর রহমান রানা উপস্থিত ছিলেন।
র্যালিটি আর্মি স্টেডিয়ামে শুরু হয়ে বিমানবন্দর রোড দিয়ে স্টাফ রোড লেভেল ক্রসিং হয়ে আর্মি স্টেডিয়ামে এসে শেষ হয়। র্যালি শেষে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়।
এরপর আনুষ্ঠানিকভাবে ব্যাটন উন্মোচন পর্ব শুরু হয়। অনুষ্ঠানে ব্রিটিশ হাই কমিশনার তাঁর বক্তব্যে কমনওয়েলথে ব্যাটন রীলের তাৎপর্যতা তুলে ধরেন এবং কমনওয়েলথ গেমস ফেডারেশনের মূল্যবোধগুলোকে এই প্রোগ্রামের মাধ্যমে পরিষ্ফুটিত করার জন্য বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মো. আব্দুস সালাম তার বক্তব্যে ব্যাটনটিকে ঐক্য এবং বৈচিত্রের প্রতীক হিসেবে আখ্যায়িত করেন, যার মাধ্যমে কমনওয়েলথভূক্ত দেশসমূহকে একীভূত করা সম্ভব হয়েছে। তিনি বাংলাদেশের কমনওয়েলথ গেমসসমূহের অর্জনগুলোকে তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।
ব্যাটন উন্মোচনের পর কারাতে, তায়কোয়ানডো এবং উশুর খেলোয়াড়রা এক অনবদ্য ক্রীড়াশৈলী প্রদর্শন করেন।
আরটিভি/এসআর




