
১৯৯৩ সালের মুম্বাই সিরিজ বোমা হামলার ঘটনা আজও ভারতের ইতিহাসে এক মর্মান্তিক অধ্যায় হিসেবে থেকে গেছে। এই মামলায় অভিযুক্ত হয়ে দীর্ঘদিন কারাভোগ করতে হয়েছিল বলিউড সুপারস্টার সঞ্জয় দত্তকে। তবে এবার সেই মামলার তৎকালীন পাবলিক প্রসিকিউটর ও বর্তমানে সংসদ সদস্য উজ্জ্বল নিকম মঞ্চে এসে নতুন মন্তব্য করেছেন। খবর টাইমস এন্টারটেইনমেন্টের।
সম্প্রতি এক পডকাস্টে উজ্জ্বল নিকম স্পষ্ট করে জানিয়েছেন, সঞ্জয় দত্ত এই বোমা হামলার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন না। তবে তিনি অস্ত্রের প্রতি আসক্ত ছিলেন এবং অস্ত্র সম্পর্কে কিছুটা জানতেন। নিকমের দাবি, সঞ্জয় দত্ত যদি হামলার জন্য ব্যবহার করা অস্ত্র সম্পর্কে বিস্ফোরণের পরিকল্পনা জানতেন, তবে সম্ভবত ১৯৯৩ সালের সেই ভয়াবহ বোমা হামলা রোধ করা যেত।
নিকম আরও বলেন, তিনি নিজেই একে-৫৬ রাইফেলটি রাখতেন। ১২ তারিখের আগে আবু সালেম একটি ট্রাকে অস্ত্র নিয়ে আসেন এবং সঞ্জয় তা দেখেন। একটি একে-৫৬ তার কাছে রাখা হয়েছিল, বাকিগুলো ফেরত দেওয়া হয়েছিল। তবুও তাকে শাস্তিও দেওয়া হয়েছে।
এক প্রশ্নের উত্তরে, যেখানে জানতে চাওয়া হয়েছিল যে এই মামলার কারণে কি সঞ্জয় দত্তের সঙ্গে সংশ্লিষ্ট কোনো চাপ তার ওপর ছিল কি না, নিকম জানান, আমার ওপর কোনো চাপ ছিল না। আদালত যখন সঞ্জয়কে সাজা দেয়, তখন তার আইনজীবী ক্ষমা প্রার্থনা করেছিলেন যে এটি তার প্রথম অপরাধ। আমি প্রতিবাদ করেছিলাম কারণ সঞ্জয় এর আগেও দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছ থেকে ৯ মিমি পিস্তল কিনেছিলেন। এটি তার প্রথম অপরাধ নয়।
নিকম বিশ্বাস করেন সঞ্জয় দত্ত বোমা হামলার ষড়যন্ত্র সম্পর্কে জানতেন না। তিনি বলেন, আমি মনে করি না সঞ্জয় দত্ত জানতেন। যদি পুলিশকে জানাতেন, তাহলে তারা অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারত এবং বিস্ফোরণ রোধ করা যেত। সঞ্জয় বিস্ফোরণের খবর জানতেন না, কিন্তু যদি জানতেন যে এত অস্ত্র এসেছে এবং সেখানে আরডিএক্স ও গ্রেনেড রয়েছে, পুলিশ হয়তো তদন্ত করে হামলা থামাতে পারত।
উল্লেখ্য, ২০০৭ সালে এই মামলায় সঞ্জয় দত্তকে সিরিজ বোমা হামলার সব অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়। তবে অবৈধ অস্ত্র রাখার জন্য তাকে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি তিনি কারামুক্ত হন।
আরটিভি/কেআই




